অক্টোবর ১, ২০২৫, ০২:৩৩ পিএম
শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গি নাটকের বিচার করতে অন্তর্বর্তী সরকার বদ্ধ পরিকর বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।বুধবার দুপুরে ঢাকার সরকারি মাদরাসা-ই-আলিয়ার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শিক্ষা উপদেষ্টা বলেন, “অতীতে ধর্মীয় বিশ্বাসের কারণে নানা ধরনের হয়রানির শিকার হতে হয়েছে। মানুষের পোশাকের কারণে, তারা নাগরিক মর্যাদা নিয়ে যে এক জায়গা থেকে আরেক জায়গায় নিরাপদে চলাচল করবেন—সেটি করতে পারেন নি। আমরা জানি এখানে কিভাবে জঙ্গি নাটক সাজানো হয়েছে। এদের বিচার করার জন্য সরকার বদ্ধ পরিকর।”
শাপলা চত্বর হত্যাযজ্ঞের কথা উল্লেখ করে ড. আবরার বলেন, “আমি নিজে বলতে পারি—শাপলা চত্বরে যে হত্যাযজ্ঞ হয়েছিল, সরকার সেটিকে ধামাচাপা দেয়ার চেষ্টা করেছিল। সেইসাথে যারা নিজেদের বুদ্ধিজীবী মনে করেন, তাদের বিরাট একটা অংশ নীরব ছিলেন। নীরব থাকার মাধ্যমে ওই হত্যাযজ্ঞকে তারা বৈধতা দিয়েছিলেন। ইতিহাসকে মুছে ফেলার পরিকল্পনা ছিল। সত্যকে ধামাচাপা দেয়া যায় না।”
তিনি এসময় বিভেদ সৃষ্টিকারী প্রতিষ্ঠানগুলোকে উৎপাটন করার প্রস্তাব জানিয়ে সকল ধর্মের ও বিশ্বাসের অনুসারীদের সহমর্মিতা প্রদর্শন করার আহ্বান জানান।
সরকারি মাদরাসা-ই আলিয়া, ঢাকার অধ্যক্ষ অধ্যাপক মো. ওবায়দুল হকের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শামছুল আলম, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন