বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

সুস্থ থাকতে নিয়মিত ব্যায়াম ও শরীরের যত্ন নিতে হবে: ডাকসু ভিপি

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১১, ২০২৫, ১১:৪১ এএম

সুস্থ থাকতে নিয়মিত ব্যায়াম ও শরীরের যত্ন নিতে হবে: ডাকসু ভিপি

ছবি - সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেছেন, “শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হলে নিয়মিত ব্যায়াম করতে হবে এবং শরীরের যত্ন নিতে হবে।” তিনি দেশের ভবিষ্যৎ বিনির্মাণে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন।

শনিবার (১১ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডাকসু এবং ‘মর্নিং রাইডার্স’ নামে একটি সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত ‘রান উইথ ডাকসু ভিপি’ শীর্ষক এক দৌড় কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।ডাকসু ভিপি বলেন, “শারীরিকভাবে ফিট না থাকার কারণে যুব সমাজের মধ্যে অনেকেরই নানা ধরনের রোগ-ব্যাধি বৃদ্ধি পাচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সকল বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ফিট থাকার জন্য নিয়মিত শরীরচর্চা করা উচিত। নিজেদের এমনভাবে তৈরি করতে হবে, যাতে আগামীর বাংলাদেশের জন্য সবাই প্রস্তুত থাকে।”শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শারীরিক কার্যক্রমে উৎসাহিত করতে ডাকসুর পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তিনি জানান। অনুষ্ঠানে ডাকসুর অন্যান্য নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।