বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

জুলাই বিপ্লবের পর বেরোবি: সংকট কাটিয়ে সম্ভাবনার পথে যাত্রা

রকিবুল হাসান মুন্না

অক্টোবর ১২, ২০২৫, ০১:৪৭ পিএম

জুলাই বিপ্লবের পর বেরোবি: সংকট কাটিয়ে সম্ভাবনার পথে যাত্রা

ছবি-দিনাজপুর টিভি

বাংলাদেশের মানুষের কাছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি তাদের আবেগ ও প্রাণের প্রতিষ্ঠান। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ ২০২৪ সালের ১৬ জুলাই পুলিশের সামনে বুক পেতে দিয়েছিলেন। ১২ অক্টোবর, এই বিশ্ববিদ্যালয় তার ১৭তম প্রতিষ্ঠা দিবস পালন করছে।

বেরোবি উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের দাবির ফসল। ২০০৮ সালের ১২ অক্টোবর বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় এবং ২০০৯ সালের ৪ এপ্রিল অস্থায়ী ক্যাম্পাসে এর একাডেমিক কার্যক্রম শুরু হয়। ২০১১ সালে মহীয়সী নারী বেগম রোকেয়ার নামে নামকরণ করা হয়।

দুর্ভাগ্যবশত, প্রতিষ্ঠার অল্প কিছুকাল পরই বিশ্ববিদ্যালয়টি সংকটে পড়ে। বিগত এক দশক ধরে এই প্রতিষ্ঠানটি দুর্নীতি, নিয়োগ-বাণিজ্য ও স্বেচ্ছাচারিতার কারণে সংবাদমাধ্যমে নেতিবাচক শিরোনাম হয়েছে। কমপক্ষে দু'জন উপাচার্য গুরুতর অভিযোগে গ্রেপ্তার হয়ে কারাবরণ করেছেন।

২০২৪ সালের জুলাই বিপ্লবে বেরোবি সম্মান ও সাহসের এক অনন্য নজির স্থাপন করে। এই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ-এর শাহাদাত কোটা-বৈষম্য বিরোধী আন্দোলনকে ঐতিহাসিক গণঅভ্যুত্থানে পরিণত করেছিল।

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করার পরই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বেরোবিতে এসে শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে বসেন। শিক্ষার্থীরা সেদিন সৎ, যোগ্য ও জাতীয় পর্যায়ের একজন ব্যক্তিকে উপাচার্য হিসেবে নিয়োগ, সকল প্রকার রাজনীতি নিষিদ্ধকরণ, ছাত্র সংসদ নির্বাচন এবং শতভাগ আবাসন নিশ্চিতকরণের মতো মৌলিক দাবিগুলো লিখিতভাবে উত্থাপন করেন। প্রধান উপদেষ্টা সেই দাবিগুলো পূরণের আশ্বাস দেন।

প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে এবং নতুন উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী-এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টি এখন সম্ভাবনার পথে। তিনি প্রতিষ্ঠানটিকে খাদের কিনারা থেকে টেনে তোলার প্রাণান্তকর প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছেন।

১. সেশন জট নিরসন ও শিক্ষার পরিবেশ
  • দ্রুততম সেমিস্টার সম্পন্ন: উপাচার্যের উদ্যোগে শিক্ষক সংকট সত্ত্বেও ছুটির দিনে অতিরিক্ত ক্লাস ও পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের সেশন জট থেকে বের করে আনা সম্ভব হয়েছে।

  • রাজনীতি নিষিদ্ধকরণ: শিক্ষার্থীদের দাবির মুখে সব ধরণের লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে এবং ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছে।

  • হল ও আবাসন: হলগুলোতে অবৈধ অস্ত্র উদ্ধার করে দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। মেধার ভিত্তিতে সিট বন্টন এবং সিট বাণিজ্য পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়েছে। ডাইনিং, দ্রুতগতির ইন্টারনেট, পাঠকক্ষ, লন্ড্রি, সেলুনসহ হলের মসজিদ, টিভি-রুম ও কমন রুমের সংস্কার করা হয়েছে।

২. অবকাঠামো ও উন্নয়ন

  • ভবন সম্প্রসারণ: শ্রেণিকক্ষ সংকট সমাধানে একাডেমিক ভবনগুলোতে দ্রুত গতিতে ঊর্ধমুখী সম্প্রসারনের কাজ চলমান।

  • নতুন হল ও অডিটোরিয়াম: দীর্ঘদিন বন্ধ থাকা দ্বিতীয় ছাত্রীহল ও গবেষণা ইনস্টিটিউটের নির্মাণ কাজ পুনরায় শুরুর প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে।

  • অডিটোরিয়াম: অডিটোরিয়াম না থাকায় আপাতত ক্যাফেটেরিয়া ভবনের তৃতীয় তলায় হলরুম তৈরি করা হচ্ছে, যা প্রায় সম্পন্ন।

  • পরিবহন: সরকারি নিষেধাজ্ঞার কারণে বাস কিনতে না পারলেও ইউজিসি’র অনুমতিক্রমে বিআরটিসি'র ৭টি বাস ভাড়া করা হয়েছে।

  • অন্যান্য: কেন্দ্রীয় লাইব্রেরীর জন্য প্রায় ত্রিশ লক্ষ টাকার নতুন বই ক্রয়, মেডিক্যাল সেন্টারে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থা এবং ডবললেন ও ফুটপাতসহ কৃষ্ণাচূড়া সড়কের নির্মাণ কাজ চলমান।

৩. গবেষণা ও প্রাতিষ্ঠানিকীকরণ

  • গবেষণা জোরদার: স্বচ্ছ ও নিরপেক্ষভাবে গবেষকধর্মী শিক্ষক নিয়োগ, গবেষণা বরাদ্দ বৃদ্ধি, মাস্টার্স শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং ডিনস অ্যাওয়ার্ড চালু করা হয়েছে।

  • ঐতিহাসিক অর্জন: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বপ্রথম সমাবর্তনের তারিখ ঘোষণা করা হয়েছে।

  • রোকেয়া গবেষণা ইনস্টিটিউট: বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের পৈতৃক বাড়িটি বিশ্ববিদ্যালয়ের অনুকূলে গবেষণা ইনস্টিটিউট করার প্রস্তাব পাওয়া গেছে। এটি উত্তরবঙ্গের গবেষণাখাতে মাইলফলক দৃষ্টান্ত হবে।

বর্তমান প্রশাসন নিরলসভাবে কাজ করছে এবং বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে বড় উন্নয়ন বাজেটের কাজ এগিয়ে চলছে। শহীদ আবু সাঈদের স্মৃতিধন্য এই বিদ্যাপীঠ তার শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে। ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে আন্তরিক শুভেচ্ছা।