রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

রাজপথে সাত কলেজের হাজারো শিক্ষার্থী, শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৩, ২০২৫, ১২:১৩ পিএম

রাজপথে সাত কলেজের হাজারো শিক্ষার্থী, শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা

ছবি - সংগৃহীত

প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ অধ্যাদেশ আকারে দ্রুত জারির দাবিতে রাজধানীর রাজপথে নেমেছেন সাত সরকারি কলেজের হাজার হাজার শিক্ষার্থী। সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে ‘সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন পরিষদ’-এর ব্যানারে শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাস থেকে ‘শিক্ষা ভবন’ অভিমুখে পদযাত্রা শুরু করেন।

শিক্ষার্থীরা বলছেন, গত মার্চ মাসে সরকার সাতটি কলেজকে নিয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দিলেও, প্রায় সাত মাস পেরিয়ে গেলেও আইন বাস্তবায়নের কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ তারা পাচ্ছেন না, যা তাদের চরম অনিশ্চয়তার মধ্যে ফেলেছে।আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. নাঈম হাওলাদার বলেন, “অধ্যাদেশ জারির চূড়ান্ত দিনক্ষণ না জানানো পর্যন্ত আমরা ক্লাসে ফিরব না। কোনো অস্পষ্ট প্রতিশ্রুতি নয়, আমরা সরকারের কাছ থেকে একটি সুস্পষ্ট সময়সূচি চাই।”

পদযাত্রা কর্মসূচি অনুযায়ী, ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত থেকে, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা বকশীবাজার থেকে এবং কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা পৃথক মিছিল নিয়ে শিক্ষা ভবনের দিকে অগ্রসর হন। অন্যদিকে, তিতুমীর কলেজ, বাংলা কলেজ ও মিরপুর কলেজের শিক্ষার্থীরাও নিজ নিজ অবস্থান থেকে পদযাত্রায় যোগ দিয়েছেন।

বেলা ১১টা থেকে শিক্ষা ভবনের সামনে মূল অবস্থান কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। শিক্ষার্থীদের এই কর্মসূচির ফলে রাজধানীর নীলক্ষেত, পলাশী, গুলিস্তান ও আব্দুল গণি রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।উল্লেখ্য, এই সাতটি কলেজ হলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।