অক্টোবর ১৩, ২০২৫, ০৫:৩৭ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেছেন, “সুষ্ঠু রাজনীতির যে চিন্তা, তার সবকিছু আমরা সৃজনশীলতার মাধ্যমে বাস্তবায়ন করতে চাই। শিবির সবসময় সৃজনশীলতাকে প্রমোট করে, কারণ সুন্দর সমাজ, সুন্দর ক্যাম্পাস ও সুন্দর দেশ গঠনে এর ভূমিকা অপরিসীম।”
সোমবার (১৩ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘শহীদ সাজিদ স্মৃতি আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা’র সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সাদিক কায়েম বলেন, “যৌক্তিক সমাজ গঠনের জন্য বিতর্কের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিতর্কের মাধ্যমে সমাজের সমস্যাগুলোকে সামনে আনতে চাই, যা যুক্তিনির্ভর চিন্তার বিকাশ ঘটায়।”
এ সময় তিনি বিগত সরকারের শাসনামলের সমালোচনা করে বলেন, “গণমাধ্যম, সিভিল সমাজ ও কিছু ব্যবসায়ী সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। ৫ আগস্টের পর সবাই বাকস্বাধীনতা ফিরে পেয়েছে। কিন্তু এর আগে এমন পরিবেশ তৈরি করা হয়েছিল যে, কেউ যদি শিবির করে, তার কোনো অধিকার থাকবে না।” তিনি দাবি করেন, গুম কমিশনের তথ্য অনুযায়ী, জামায়াত ও শিবির সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. বিলাল হোসাইন বলেন, “বিতর্ক মানুষকে ভাবতে শেখায় এবং সময়োপযোগী সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আমরা বিশ্ববিদ্যালয়ে আসি ভালো মানুষ হওয়ার জন্য, জ্ঞাননির্ভর হওয়ার জন্য।”উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র শহীদ একরামুল হক সাজিদের স্মরণে আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতায় ২৪টি দল অংশ নেয়। ফাইনালে রাষ্ট্রবিজ্ঞান বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ইতিহাস বিভাগ।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন