মোঃ মোমিনুল ইসলাম
অক্টোবর ১৫, ২০২৫, ০৩:৫৭ পিএম
ছবি-দিনাজপুর টিভি
কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখা শহরের ১০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে একযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় এই কর্মসূচি শুরু হয় এবং এতে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
শহরের কলেজ মোড়, মডার্ন মোড়, সুইহারি, লিলির মোড় সহ ১০টি স্থানে একযোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে তাদের দাবিগুলো তুলে ধরেন।
দিনাজপুর প্রেসক্লাবের সামনে জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ ড. আনিসুর রহমান এই দাবির বিষয়ে বক্তব্য দেন। তাদের ৫ দফা দাবির মধ্যে প্রধান তিনটি বিষয় হলো:
আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি: বক্তারা দেশের নির্বাচনি ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও প্রতিনিধিত্বমূলক করতে পিআর পদ্ধতি চালু করার দাবি জানান। তারা বলেন, এই পদ্ধতিতে প্রতিটি দল প্রাপ্ত ভোটের হারের ওপর ভিত্তি করে সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে, যা গণতন্ত্রকে শক্তিশালী করবে।
'জুলাই সনদ'-এর আইনি ভিত্তি: দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে 'জুলাই সনদ'-এর আইনগত ভিত্তি প্রদানের দাবি জানানো হয়। ড. আনিসুর রহমান বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠিত হতে হবে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ: লাগামহীন দ্রব্যমূল্যের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। বক্তারা অবিলম্বে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানোর জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
ড. আনিসুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, জাতীয় পার্টিসহ যে সকল দল শেখ হাসিনাকে সমর্থন করেছিল, তাদেরকেও শেখ হাসিনার মতো দেশ থেকে উৎখাত করতে হবে।
বক্তারা বলেন, সরকার যদি অবিলম্বে জনগণের এই দাবিগুলো মেনে না নেয়, তাহলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে দিনাজপুরের ছয়টি আসনের ছয়জন এমপি প্রার্থী, শহর জামাতের আমির সিরাজুস সালেহীন, সেক্রেটারি জেনারেল কামরুল হাসান রাসেল সহ ১৩ উপজেলার আমির ও সেক্রেটারি পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।