রকিবুল হাসান মুন্না
অক্টোবর ২৬, ২০২৫, ১১:০৪ এএম
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ আবারও সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি 'বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, রংপুর' নামে একটি ফেসবুক পেজ খুলে শিক্ষার্থীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হচ্ছে।
অনুসন্ধানে জানা যায়, চলতি মাসের ১৪ অক্টোবর এই ফেসবুক পেজটি খোলা হয়। পেজটিতে প্রকাশিত পোস্টগুলো বিশ্লেষণ করে দেখা যায়, সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমর্থনমূলক প্রচারমূলক বার্তা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি, জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত বিশ্ববিদ্যালয়ের সক্রিয় কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।
জুলাই-আগস্টের সহিংসতায় জড়িত বেশ কয়েকজন সাবেক ছাত্রলীগ নেতাও বর্তমানে অনলাইনে সক্রিয় রয়েছেন। এদের মধ্যে সাবেক সভাপতি পোমেল বড়ুয়া এবং সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় কুমার টগর নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থেকে পোস্টে লাইক-কমেন্ট ও শেয়ার করছেন।এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে এক শিক্ষার্থী বলেন, "বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছিল জুলাই গণঅভ্যুত্থানের সূতিকাগার। অথচ সেই ক্যাম্পাসেই এখন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পুনরুত্থান হচ্ছে। অনলাইনে অপপ্রচার চালিয়ে তারা ভয়-আতঙ্ক সৃষ্টি করতে চাইছে। এদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।"
আরেক শিক্ষার্থী অভিযোগ করেন, গত ১৬ জুলাই শহীদ আবু সাঈদের মৃত্যুবার্ষিকীর দিন ছাত্রলীগের স্লোগান দেয়ালে লেখা হয়েছিল। এরপর তদন্ত কমিটি গঠন হলেও আজ পর্যন্ত তার ফলাফল প্রকাশ হয়নি। তিনি মনে করেন, প্রশাসনের নীরবতা ও উদাসীনতার কারণেই নিষিদ্ধ সংগঠনটি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে।উল্লেখ্য, ২০২৪ সালের ২৩ অক্টোবর বাংলাদেশ সরকার বাংলাদেশ ছাত্রলীগকে 'সন্ত্রাসবিরোধী আইন ২০০৯'-এর আওতায় নিষিদ্ধ ঘোষণা করে।শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দ্রুত তদন্তের ফলাফল প্রকাশ এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।