সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

৩৫ বছর পর শপথ নিলেন রাকসুর নতুন প্রতিনিধিরা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৬, ২০২৫, ০৭:১০ পিএম

৩৫ বছর পর শপথ নিলেন রাকসুর নতুন প্রতিনিধিরা

দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) এবং বিশ্ববিদ্যালয়ের ১৭টি আবাসিক হল সংসদের নবনির্বাচিত প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। রোববার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই শপথ গ্রহণ পর্ব সম্পন্ন হয়। রাকসু কেন্দ্রীয় সংসদের নির্বাচিত প্রতিনিধিদের শপথবাক্য পাঠ করান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও পদাধিকারবলে রাকসু সভাপতি অধ্যাপক সালেহ হাসান নকীব।

অন্যদিকে, হল সংসদগুলোর প্রতিনিধিদের শপথ পাঠ করান স্ব স্ব হলের প্রাধ্যক্ষরা, যারা পদাধিকারবলে হল সংসদের সভাপতি।শপথ অনুষ্ঠানের শুরুতে অতিথিরা আসন গ্রহণ করার পর পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন আরবি বিভাগের শিক্ষার্থী যোবায়ের। এরপর রাকসু কেন্দ্রীয় সংসদের নবনির্বাচিত ভিপি, জিএসসহ অন্যান্য প্রতিনিধিদের শপথ পাঠ করান উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। শপথ গ্রহণ শেষে উপাচার্য, উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দিন ও অধ্যাপক ফরিদ উদ্দিন খান এবং প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম নবনির্বাচিতদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

কেন্দ্রীয় সংসদের শপথ গ্রহণের পর ধারাবাহিকভাবে বিশ্ববিদ্যালয়ের ১৭টি আবাসিক হলের প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান সংশ্লিষ্ট হল প্রাধ্যক্ষরা।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাকসু কোষাধ্যক্ষ ও নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান। এতে স্বাগত বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার অধ্যাপক আব্দুল হান্নান। তিনি তার বক্তব্যে বলেন, বহুল প্রতীক্ষিত রাকসু নির্বাচন দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর অনুষ্ঠিত হয়েছে, যার মধ্য দিয়ে শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। সফলভাবে ও সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচন আয়োজন করে কমিশন একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, নবনির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষার প্রতি দায়বদ্ধ থাকবেন এবং বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য অঙ্গনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।উল্লেখ্য, গত ১৬ অক্টোবর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত হন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের মোস্তাকুর রহমান জাহিদ এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়লাভ করেন ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও ‘আধিপত্যবিরোধী ঐক্য’ পandled সালাউদ্দিন আম্মার। রাকসুর মোট ২৩টি পদের মধ্যে ২০টিতেই ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ এর প্রার্থীরা নিরঙ্কুশ বিজয় অর্জন করেন।