বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

রাবিতে নতুন ছয়টি আবাসিক হল নির্মাণের অনুমোদন

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৯, ২০২৫, ১১:৩৯ এএম

রাবিতে নতুন ছয়টি আবাসিক হল নির্মাণের অনুমোদন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসন সংকট নিরসন এবং উচ্চতর গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে বড় ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার একটি মেগা উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদন করেছে। এই প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য নতুন ছয়টি আবাসিক হল নির্মাণ এবং পুরনো একটি হল পুনর্নির্মাণ করা হবে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে সোমবার (২৭ অক্টোবর) উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীবের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৫৪৩তম সভায় ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উচ্চতর গবেষণা ও উন্নয়ন’ শীর্ষক এই প্রকল্পটি অনুমোদন পায়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের চূড়ান্ত অনুমোদন এবং প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রকল্পটি ২০২৬-২৭ অর্থবছর থেকে শুরু করে পরবর্তী তিন বছরের মধ্যে বাস্তবায়িত হবে বলে আশা করা হচ্ছে।

প্রকল্প প্রস্তাব অনুযায়ী, শিক্ষার্থীদের আবাসন সুবিধা বাড়ানোর লক্ষ্যে ছাত্রদের জন্য তিনটি এবং ছাত্রীদের জন্য তিনটি করে মোট ছয়টি নতুন আবাসিক হল নির্মাণ করা হবে। একইসঙ্গে, বিশ্ববিদ্যালয়ের পুরনো হলগুলোর মধ্যে শেরেবাংলা ফজলুল হক হল সম্পূর্ণ পুনর্নির্মাণ করা হবে। এছাড়াও প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র, বরেন্দ্র গবেষণা জাদুঘর, জুবেরী ভবনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অ্যাকাডেমিক ও প্রশাসনিক ভবন পুনর্নির্মাণ বা সংস্কার করা হবে।

একটি আধুনিক ইনোভেশন হাব নির্মাণ এবং ক্যাম্পাসের অভ্যন্তরীণ সড়কগুলোর উন্নয়ন ও সংস্কারও এই প্রকল্পের অন্তর্ভুক্ত।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই ছয়টি হল নির্মাণ সম্পন্ন হলে অতিরিক্ত সাত হাজারেরও বেশি শিক্ষার্থীর জন্য আবাসনের সুযোগ সৃষ্টি হবে, যা আবাসন সংকট নিরসনে বড় ভূমিকা রাখবে।

বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ১১টি ও ছাত্রীদের ৬টি সহ মোট ১৭টি আবাসিক হল রয়েছে, যেখানে মোট শিক্ষার্থীর প্রায় ৩২ শতাংশ আবাসন সুবিধা পান। এছাড়া আরও দুটি নতুন হলের নির্মাণকাজ চলমান রয়েছে। নতুন প্রকল্প বাস্তবায়িত হলে আবাসন সুবিধার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। পাশাপাশি, প্রকল্পের আওতায় উন্নত যন্ত্রপাতি ও সরঞ্জাম সংযোজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উচ্চতর গবেষণার ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।