বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ঢাবিতে ভর্তি আবেদন শুরু, জেনে নিন পরীক্ষার তারিখ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৯, ২০২৫, ১২:৩০ পিএম

ঢাবিতে ভর্তি আবেদন শুরু, জেনে নিন পরীক্ষার তারিখ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে (স্নাতক প্রথম বর্ষ) ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আজ বুধবার (২৯ অক্টোবর) দুপুর ১২টা থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারছেন। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৬ নভেম্বর (রবিবার) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবারের ভর্তি পরীক্ষার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০ টাকা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৫ সালের উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।ভর্তির আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতার ক্ষেত্রে 'বিজ্ঞান ইউনিট'-এর জন্য এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-র যোগফল ন্যূনতম ৮.০০ এবং উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।

'কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট' এবং 'ব্যবসায় শিক্ষা ইউনিট'-এর জন্য জিপিএ-র যোগফল ন্যূনতম ৭.৫০ এবং উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। 'চারুকলা ইউনিট'-এর জন্য জিপিএ-র যোগফল ন্যূনতম ৬.৫০ এবং উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি পরীক্ষার সময়সূচিও ঘোষণা করেছে। সে অনুযায়ী, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৬ ডিসেম্বর (শনিবার)। ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ ডিসেম্বর (শনিবার) এবং ‘বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০ ডিসেম্বর (শনিবার)। এছাড়া ‘চারুকলা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন) অনুষ্ঠিত হবে আগামী ২৯ নভেম্বর ।

এই চারটি ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।