নভেম্বর ২, ২০২৫, ০৯:৫২ এএম
ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের এক মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল আলিম আরিফ। নুর সম্প্রতি মন্তব্য করেছিলেন যে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও গ্রামের মানুষের মতো ৫০০ বা ১০০০ টাকার বিনিময়ে ভোট বিক্রি করেছে। জবি শিবির সেক্রেটারি এই বক্তব্যকে শিক্ষার্থীদের জন্য অত্যন্ত অপমানজনক এবং শিক্ষার্থীদের দেওয়া ম্যান্ডেটের প্রতি অসম্মান হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি নুরুল হক নুরকে তার বক্তব্য প্রত্যাহার করে ছাত্রসমাজের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
শনিবার (০১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে আব্দুল আলিম আরিফ তার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এই প্রতিবাদ জানান।ওই পোস্টে তিনি লেখেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টাকা দিয়ে কেনা যায় না। এই প্রজন্ম নিজেদের ভোটাধিকার নিয়ে সচেতন। এই প্রজন্ম টাকার বিনিময়ে কিংবা চটকদার বক্তব্যের কাছে বিক্রি হয় না। যারা স্বার্থের কাছে নিজেকে বিক্রি করে তারাই এই প্রজন্মকে বিক্রি করার স্বপ্ন দেখতে পারে।
তিনি আরও লেখেন, ‘যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এরকম ধারণা পোষণ করে তাদের শিক্ষার্থীরা নিকট অতীতে প্রত্যাখ্যান করেছে। শিক্ষার্থীদের নিয়ে এমন ধারণা পোষণকারীদের শিক্ষার্থীরা ইনশাআল্লাহ আগামীতেও প্রত্যাখ্যান করবে। আমরা আমাদের সততা, নিষ্ঠা ও কর্মপ্রচেষ্টার মাধ্যমেই শিক্ষার্থীদের আস্থা অর্জন করব ইনশাল্লাহ। ডাকসুর সাবেক সহসভাপতি, একটি রাজনৈতিক দলের প্রধানের নিকট থেকে এমন বক্তব্য আমাদের ব্যথিত করে।’
প্রসঙ্গত, শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে ‘পলিটিক্স ল্যাব: পাবলিক ডায়ালগ’ শীর্ষক এক সংলাপে নুরুল হক নুর সম্প্রতি অনুষ্ঠিত বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলেন। তিনি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের ‘ভূমিধস বিজয়ের’ কারণ বিশ্লেষণ করতে গিয়ে তাদের ‘ওয়েলফেয়ার বেইজড পলিটিক্স’ বা কল্যাণভিত্তিক রাজনীতির কথা উল্লেখ করেন।
নুর দাবি করেন, শিবির ছাত্রদের নানা ধরনের সুবিধা দেয়, যেমন কিছু হাসপাতালে সদস্যদের পরিবারের জন্য কম খরচে চিকিৎসার ব্যবস্থা করা। এই সুবিধার বিনিময়ে ভোট দেওয়ার বিষয়টিকে তিনি গ্রামের সাধারণ মানুষের ভোট বিক্রির সঙ্গে তুলনা করেন। নুর বলেন, ‘গ্রামে আমরা দেখি ৫০০ থেকে ১০০০ টাকায় মানুষ ভোট দিয়ে দেয় আরেকজনকে... তাহলে উচ্চশিক্ষিত তরুণরা তো তাই করছে।’ নুরুল হক নুরের এই তুলনামূলক বক্তব্যই শিক্ষার্থীদের মাঝে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন