নভেম্বর ৫, ২০২৫, ০৪:৩১ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ বা জকসু নির্বাচনের আনুষ্ঠানিক তপশিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়টির নির্বাচন কমিশন। কমিশন কর্তৃক নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়টিতে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার (০৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে দুপুর আড়াইটার দিকে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান এই তপশিল ঘোষণা করেন।
তপশিল অনুযায়ী, আগামী ৬ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ভোটার তালিকা সংক্রান্ত আপত্তি গ্রহণ ও তা নিষ্পত্তির জন্য ৯ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত সময় নির্ধারিত হয়েছে। এই ধাপ শেষে আগামী ১২ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম ১৩ নভেম্বর থেকে শুরু হয়ে ১৭ নভেম্বর শেষ হবে। এরপর ১৭ ও ১৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের সুযোগ থাকবে।
প্রার্থী যাচাই প্রক্রিয়ার অংশ হিসেবে ১৯ ও ২০ নভেম্বর মনোনয়নপত্র বাছাই করা হবে এবং ২৩ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির জন্য ২৪ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত সময় বরাদ্দ রাখা হয়েছে। এছাড়াও ২৭ থেকে ৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট সম্পন্ন করা হবে।
চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৩ ডিসেম্বর। প্রার্থীরা ৪ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন এবং ৯ নভেম্বর প্রত্যাহারকৃতদের তালিকা প্রকাশ করা হবে। ৯ নভেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা চালানোর সুযোগ পাবেন। সকল আনুষ্ঠানিকতা শেষে ২২ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং একই দিনে ভোট গণনা শেষে ২৩ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। তপশিল ঘোষণার পর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন