বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬,

চিরনিদ্রার দেশে ধর্মেন্দ্র, গুজন নাকি সত্যি?

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১১, ২০২৫, ১০:৩০ এএম

চিরনিদ্রার দেশে ধর্মেন্দ্র, গুজন নাকি সত্যি?

বলিউড তথা ভারতীয় চলচ্চিত্র জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। ভারতীয় সিনেমার এক জীবন্ত কিংবদন্তি, জনপ্রিয় অভিনেতা ধর্মেন্দ্র আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গন, সহশিল্পী ও অসংখ্য ভক্ত শোকে স্তব্ধ।

২৪৭টি ছবিতে অনবদ্য উপস্থিতি, ‘শোলে’ সিনেমার জনপ্রিয় জয়-ভিরু জুটি, আর অসীম প্রাণশক্তিতে ভরা এক জীবন—সবকিছুই আজ ইতিহাস।

বহুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন এই কিংবদন্তি অভিনেতা। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আগামী ডিসেম্বর মাসে ৯০ বছরে পা রাখতেন ধর্মেন্দ্র।

বয়স ৯০ ছুঁই ছুঁই হলেও, সম্প্রতি তিনি বলিউডে সক্রিয় ছিলেন। জয়া বচ্চন ও শাবানা আজমির সঙ্গে জুটি বেঁধে করণ জোহরের আলোচিত ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে তার অভিনয় দারুণ সাড়া ফেলেছিল। এমনকি, সদ্য তার পরবর্তী একটি ছবির ঝলকও প্রকাশ্যে এসেছিল। তবে সেই ছবির মুক্তি তার আর দেখা হলো না।

সোমবার বিকেল থেকেই হাসপাতাল চত্বরে তৎপরতা বেড়েছিল। ধর্মেন্দ্রকে দেখতে দ্রুত ছুটে গিয়েছিলেন তার স্ত্রী ও অভিনেত্রী হেমা মালিনীসহ পরিবারের সদস্যরা। গোটা ভারত তার দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করছিল। কিন্তু শেষ রক্ষা হলো না। সকল ভক্তকে কাঁদিয়ে রূপলি পর্দার জনপ্রিয় এই অভিনেতা চির বিদায় নিলেন। তাঁর প্রয়াণে ভারতীয় চলচ্চিত্র জগতের একটি বর্ণময় অধ্যায়ের অবসান হলো।

এর আগে একাধিকবার ধর্মেন্দ্রর হাসপাতালে ভর্তির খবর সামনে এলেও পরিবারের পক্ষ থেকে সেটিকে 'নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ' বলে জানানো হয়েছিল। চলতি বছরে তার চোখের অস্ত্রোপচারও হয়েছিল। সে সময় তিনি ভক্তদের আশ্বস্ত করে বলেছিলেন, “আমি একদম ভালো আছি।” এমনকি, গত ৩ নভেম্বর ধর্মেন্দ্রর স্ত্রী হেমা মালিনীও সাংবাদিকদের কাছে জানিয়েছিলেন যে অভিনেতা ভালো আছেন। এর মাত্র এক সপ্তাহের মধ্যেই ধর্মেন্দ্রর স্বাস্থ্যের এমন অবনতিতে উদ্বিগ্ন ছিল পুরো বিনোদন জগৎ।