বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬,

হক সিনেমার দাপট: জানুন চতুর্থ দিনের আয়

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১১, ২০২৫, ০২:১৩ পিএম

হক সিনেমার দাপট: জানুন চতুর্থ দিনের আয়

বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম এবং অভিনেতা ইমরান হাশমি অভিনীত নতুন সিনেমা ‘হক’ বক্স অফিসে মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে চলেছে। গত শুক্রবার মুক্তি পাওয়ার পর সপ্তাহান্তেই সিনেমাটি দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছিল।

তবে সপ্তাহের প্রথম কার্যদিবস অর্থাৎ সোমবার সিনেমাটির আয়ে কিছুটা ভাটা পড়েছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী চতুর্থ দিনে সিনেমাটি প্রায় ১ কোটি রুপি আয় করেছে যা ছুটির দিনের তুলনায় কিছুটা কম।

তবে এই পতনকে স্বাভাবিক হিসেবেই দেখছেন চলচ্চিত্র বিশ্লেষকরা কারণ কর্মদিবসে সাধারণত প্রেক্ষাগৃহে দর্শক উপস্থিতি কম থাকে।

বর্তমানে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৯.৯৫ কোটি রুপি যা ১০ কোটির মাইলফলক স্পর্শ করার খুব কাছাকাছি।শাহ বানু বেগমের জীবনের সত্য ঘটনা ও আইনি লড়াইয়ের ছায়া অবলম্বনে নির্মিত এই সিনেমাটি মুক্তির প্রথম দিন থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। সিনেমায় ইয়ামি গৌতম সাজিয়া নামের এক সাধারণ গৃহবধূর চরিত্রে অভিনয় করেছেন যিনি স্বামীর দেওয়া তিন তালাকের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যান। অন্যদিকে ইমরান হাশমি অভিনয় করেছেন তার স্বামী ও একজন সফল আইনজীবীর চরিত্রে।

শুক্রবার মোটামুটি শুরু করলেও শনি ও রবিবার সিনেমাটির আয় ১০০ শতাংশ বৃদ্ধি পেয়েছিল যা প্রমাণ করে যে দর্শকদের মুখে মুখে সিনেমাটির প্রশংসা ছড়িয়ে পড়েছে। এই অর্গানিক বা স্বাভাবিক বৃদ্ধিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী ইয়ামি গৌতম। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানিয়েছেন যে কোনো ধরণের গিমিক বা অসৎ উপায় ছাড়াই শুধুমাত্র দর্শকদের ভালোবাসায় ছবিটি এগিয়ে যাচ্ছে যা তার কাছে আজীবনের এক প্রাপ্তি।

সুপর্ণ এস বর্মা পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন ভার্তিকা সিং এবং দানিশ হোসেনের মতো অভিনেতারা। সোমবারের আয়ে সামান্য পতন হলেও সিনেমাটির গল্পের গভীরতা এবং সামাজিক বার্তার কারণে আগামী দিনগুলোতে এটি ঘুরে দাঁড়াবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।