সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

‘বিগ বস ১৯’-এর বিজয়ী গৌরব খান্না কত টাকা ও কী কী পুরস্কার পেলেন?

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৮, ২০২৫, ০৪:৫১ পিএম

‘বিগ বস ১৯’-এর বিজয়ী গৌরব খান্না কত টাকা ও কী কী পুরস্কার পেলেন?

ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ১৯তম আসরের পর্দা নামল। দীর্ঘ তিন মাসের বেশি সময় ধরে চলা মনস্তাত্ত্বিক লড়াই শেষে বিজয়ের মুকুট পরলেন জনপ্রিয় টিভি অভিনেতা গৌরব খান্না।

রোববার (৭ ডিসেম্বর) রাতে জমকালো গ্র্যান্ড ফিনালেতে অনুষ্ঠানের সঞ্চালক ও বলিউড ভাইজান সালমান খান বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করেন।

শুধু ট্রফিই নয়, ৪৩ বছর বয়সী গৌরবের পকেটও বেশ ভারি হয়েছে। ইন্ডিয়া টুডে ও দ্য ফ্রি প্রেস জার্নালের তথ্য অনুযায়ী, ট্রফির পাশাপাশি তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন নগদ ৫০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৭ লাখ ৭৯ হাজার টাকা)।

এখানেই শেষ নয়, বিগ বসের ঘরে একটি বিশেষ টাস্ক জেতার সুবাদে তিনি ১৪ লাখ রুপি দামের একটি নতুন গাড়িও উপহার হিসেবে পেয়েছেন। এবারের গ্র্যান্ড ফিনালেতে সেরা পাঁচ প্রতিযোগী ছিলেন— গৌরব খান্না, ফারহানা ভাট, প্রণিত মোর, তানিয়া মিত্তল ও অমল মালিক। তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর দর্শকদের ভোটে গৌরব খান্না চ্যাম্পিয়ন হন এবং ফার্স্ট রানারআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় ফারহানা ভাটকে। বিজয়ী হওয়ার পর পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে গৌরব তার অভিজ্ঞতা শেয়ার করেন।

তিনি জানান, সহ-প্রতিযোগী ফারহানা ভাটের আচরণে তিনি ক্ষুব্ধ ছিলেন। ব্যক্তিগত আক্রমণ (যেমন 'আওরাত', 'গালিজ আদমি' বলা) সহ্য করলেও, যখন ফারহানা তার টিভি পেশা ও ২০ বছর ধরে সমর্থন করা ভক্তদের নিয়ে প্রশ্ন তুলেছিল, তখন তার রাগ হয়েছিল বলে জানান গৌরব। বিগ বসের ১৯তম সিজনের গ্র্যান্ড ফিনালে ছিল তারকাখচিত। অনুষ্ঠানে কার্তিক আরিয়ান, অনন্যা পান্ডে, সানি লিওনি ও করণ কুন্দ্রার মতো তারকারা উপস্থিত ছিলেন।