রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

‘এই হাদি একা নয়, হাদি কোটি লক্ষ’: গানে গানে সাহসের জাগরণ

শাহিন ইসলাম

ডিসেম্বর ১৬, ২০২৫, ০৭:১৯ পিএম

জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘আইডিয়াল স্টুডিও’ থেকে গত ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে উৎসর্গ করে ‘হাদি কোটি লক্ষ’ শিরোনামে একটি নতুন প্রতিবাদী গজল বা ইসলামী সংগীত প্রকাশ করা হয়েছে।

জিয়া হকের লেখা এই গজলটিতে ওসমান হাদিকে কেবল একজন ব্যক্তি হিসেবে নয়, বরং কোটি জনতার সাহসের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। গানটির সুর করেছেন আরিফুল ইসলাম ও ফরিদ উদ্দিন সায়েদ এবং সাউন্ড ডিজাইন করেছেন আরিফুল ইসলাম।

হোসেন আদনান সানির পরিচালনায় নির্মিত এই মিউজিক্যাল ফিল্মটির লিরিকে অত্যন্ত শক্তিশালী ও বিপ্লবী শব্দচয়ন ব্যবহার করা হয়েছে।

গানের শুরুতেই বলা হয়েছে, “এই হাদি একা নয়, হাদি কোটি লক্ষ / বাংলার পুরোটাই হাদিদের বক্ষ,” যার মাধ্যমে হাদিকে বাংলার মানুষের হৃদয়ের স্পন্দন হিসেবে চিত্রিত করা হয়েছে। গজলের পরবর্তী চরণগুলোতে শহীদদের কাফেলার নির্ভীকতার কথা উল্লেখ করে বলা হয়, “শহীদের কাফেলার নাই ডর নাই ভয় / হাদিদের প্রার্থনা যা-ই চায় তাই হয়।” গানে হাদিদের ‘অ্যাটোম বোমা’ এবং ‘আবাবিল পক্ষী’র সাথে তুলনা করা হয়েছে, যা অন্যায়ের বিরুদ্ধে ধ্বংসাত্মক ক্ষমতার ইঙ্গিত দেয়।

গীতিকার জিয়া হক তাঁর লেখনীতে সাহসের মঞ্জিল হিসেবে হাদিদের ‘সুশীতল লক্ষ্মী’ বলে অভিহিত করেছেন। গানের কথায় আরও উঠে এসেছে, “হাদিরাই জন্মায় ফাতিমার গর্ভে / হাদিরাই মরুভূমি ফুলে-ফলে ভরবে,” যা দ্বারা একটি নতুন ও সমৃদ্ধ ভবিষ্যতের স্বপ্ন দেখানো হয়েছে। গানের শেষাংশে বুলেটের আঘাতকে তুচ্ছ করে বলা হয়েছে, “গুলি-টুলি হাদিদের চুলটাও ছেঁড়ে না / হাদিরা আসেন বলে ফ্যাসিস্টও ফেরে না।

 এখানে স্পষ্ট রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে যে, হাদিদের মতো সাহসীরা মাঠে থাকলে স্বৈরাচার বা ফ্যাসিস্ট শক্তির ফিরে আসার কোনো সুযোগ নেই। ভিডিওর বর্ণনায় উল্লেখ করা হয়েছে যে, অডিও ও ভিডিওর সার্বিক তত্ত্বাবধানে ছিল আইডিয়াল স্টুডিও। সংগীতটি প্রকাশের পরপরই শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে, যেখানে হাদিদের ‘ওমর আলী’র মতো বীর হিসেবে আখ্যায়িত করে বাকিদের ভৃত্য বলা হয়েছে।