ডিসেম্বর ২৭, ২০২৫, ০৪:৪২ পিএম
দীর্ঘ দুই বছরের বিরতি কাটিয়ে অবশেষে বড় পর্দায় ফিরছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় ‘দুর্বার’ নামের একটি থ্রিলারধর্মী সিনেমার মাধ্যমে নতুন লুকে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন তিনি। নিজের এই প্রত্যাবর্তন নিয়ে বেশ আত্মবিশ্বাসী নায়িকা জানালেন, এবার পর্দায় তাকে ‘দুর্বার গতিতেই’ দেখা যাবে।
অপু বিশ্বাস জানান, ইতোমধ্যেই সিনেমাটির শুটিং দ্রুতগতিতে এগিয়ে চলছে এবং তাঁর অংশের প্রায় ৪০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।
এই সিনেমায় অপুকে একেবারেই ভিন্ন একটি গেটআপে দেখা যাবে, যা নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। বিরতি প্রসঙ্গে তিনি বলেন, আমি সময় নিয়েছি ভালো একটি কাজের অপেক্ষায় থাকার জন্য।
যেভাবে চেয়েছি, ঠিক সেভাবেই সিনেমাটি নির্মাণ হচ্ছে।দুর্বার’ সিনেমার সবচেয়ে বড় চমক হচ্ছে এর কেন্দ্রীয় জুটি। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সজল ও অপু বিশ্বাস। সজলের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বসিত অপু তাঁকে নিজের ‘ড্রিম হিরো’ হিসেবে অভিহিত করে বলেন, সজল ভাই ভীষণ বিনয়ী এবং দারুণ একজন অভিনেতা। আমাদের নতুন কেমিস্ট্রি দর্শক উপভোগ করবেন।
পরিচালক কামরুল হাসান ফুয়াদের নির্মাণশৈলী এবং গল্পের ভিন্নতার ওপর পূর্ণ আস্থা রাখছেন এই নায়িকা। অপু বিশ্বাসের মতে, সিনেমাই তাঁর পরিচয়ের মূল জায়গা এবং দর্শকদের ভালোবাসার প্রতিদান দিতেই তিনি মানসম্মত কাজ নিয়ে পর্দায় ফিরছেন। থ্রিলার ও অ্যাকশনধর্মী এই সিনেমাটি আগামী বছরের মাঝামাঝি নাগাদ মুক্তি পেতে পারে বলে আশা করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন