রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সালমান শাহ হত্যা মামলা নিয়ে আবারও জটিলতা

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১৩, ২০২৬, ০৫:০৫ পিএম

সালমান শাহ হত্যা মামলা নিয়ে আবারও জটিলতা

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিয়ে আইনি জটিলতা ও দীর্ঘসূত্রিতা যেন কিছুতেই কাটছে না। আদালতের নির্দেশ থাকার পরেও আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) মামলার চার্জশিট বা তদন্ত প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

তদন্তের অগ্রগতি বা বিলম্বের সুনির্দিষ্ট কারণ উল্লেখ না করেই সংস্থাটি আদালতের কাছে আবারও সময়ের আবেদন করেছে। ফলে ২৯ বছর ধরে ঝুলে থাকা এই মামলার জট খুলতে আরও দেরি হলো।

আসামিদের সম্পদ জব্দের আবেদন: এদিকে তদন্ত প্রতিবেদন দাখিল না হলেও মামলার বাদীপক্ষ আজ আদালতে কঠোর অবস্থান নিয়েছে। মামলার অন্যতম আসামি সালমান শাহের স্ত্রী সামিরা হক ও অভিনেতা ডনসহ এজাহারভুক্ত ১১ আসামির স্থাবর ও অস্থাবর সকল সম্পত্তি জব্দের আবেদন করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী ফারুক আহাম্মদ শুনানিতে বলেন:

"মামলার আসামিরা ২৯ বছর আদালতে অনুপস্থিত থেকে ন্যায়বিচার ব্যাহত করেছেন। আসামিদের গ্রেপ্তারের স্বার্থে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এজাহারভুক্ত সকল আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি জব্দের প্রার্থনা করছি।"

প্রিয় নায়কের মৃত্যুর ২৯ বছর পেরিয়ে গেলেও বিচার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সালমান শাহের ভক্তরা। আদালতের বাইরে তারা মানববন্ধন করে মামলার তদন্ত দ্রুত শেষ করা এবং আসামিদের গ্রেপ্তারের দাবি জানান।মামলার প্রেক্ষাপট ও আসামির তালিকা: এর আগে গত ২০ অক্টোবর, আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সালমান শাহের মৃত্যুকে দীর্ঘদিনের ‍‍`অপমৃত্যু‍‍` তকমা সরিয়ে ‍‍`হত্যা মামলা‍‍` হিসেবে গ্রহণের নির্দেশ দেন। ওই নির্দেশনার পর সালমান শাহের মা নীলা চৌধুরীর পক্ষে তাঁর ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে এই হত্যা মামলাটি দায়ের করেন।

মামলায় যে ১১ জনকে আসামি করা হয়েছে, তারা হলেন: ১. সামিরা হক (সালমানের সাবেক স্ত্রী) ২. লতিফা হক লুসি (সামিরার মা) ৩. আজিজ মোহাম্মদ ভাই (ব্যবসায়ী) ৪. ডন (চলচ্চিত্র অভিনেতা) ৫. ডেভিড ৬. জাভেদ ৭. ফারুক ৮. রুবী ৯. আব্দুল ছাত্তার ১০. সাজু ১১. রেজভী আহমেদ ওরফে ফরহাদআজ এই ১১ আসামির বিরুদ্ধেই তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা ও রমনা মডেল থানার পুলিশ পরিদর্শক আতিকুল ইসলাম খন্দকার প্রতিবেদন দাখিল করতে না পারায় আদালত নতুন তারিখ ঘোষণা করবে বলে জানা গেছে।