সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতা জাভেদ আর নেই

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২১, ২০২৬, ০৪:০০ পিএম

বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতা জাভেদ আর নেই

বাংলা চলচ্চিত্রের সোনালী যুগের অন্যতম জনপ্রিয় অভিনেতা ইলিয়াস জাভেদ আর নেই। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। জনপ্রিয় এই অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার স্ত্রী ও সাবেক চিত্রনায়িকা ডলি চৌধুরী। 

তিনি জানান যে জাভেদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। বাড়িতেই চিকিৎসক ও নার্সদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। বুধবার সকালে তার শরীর আকস্মিক ঠান্ডা হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

 ইলিয়াস জাভেদের প্রকৃত নাম রাজা মোহাম্মদ ইলিয়াস। ১৯৪৪ সালে ব্রিটিশ ভারতের পেশোয়ারে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৬৪ সালে উর্দু সিনেমা নয়ি জিন্দেগি দিয়ে বড় পর্দায় তার অভিষেক হলেও ১৯৬৬ সালে মুক্তিপ্রাপ্ত পায়েল সিনেমার মাধ্যমে তিনি বিপুল জনপ্রিয়তা লাভ করেন। 

বিশেষ করে অভিনেত্রী শাবানার সঙ্গে তার জুটি দর্শকদের হৃদয়ে জায়গা করে নেয়। অভিনয়ের পাশাপাশি তিনি ছিলেন একজন দক্ষ নৃত্য পরিচালক। ঢাকাই সিনেমায় ফোক ও ফ্যান্টাসি ঘরানার চলচ্চিত্রে তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। তার অভিনীত নিশান সিনেমাটি আজও দর্শকদের স্মৃতিতে অমলিন। 

দীর্ঘ ক্যারিয়ারে তিনি শতাধিক সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন এবং অসংখ্য জনপ্রিয় গানের নৃত্য পরিচালনা করেছেন। ব্যক্তিগত জীবনে ১৯৮৪ সালে তিনি ডলি চৌধুরীকে বিয়ে করেন। তার মৃত্যুতে ঢাকার চলচ্চিত্র পাড়ায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিনের সহকর্মী এবং ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে এই প্রবীণ অভিনেতার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করছেন। বাংলা চলচ্চিত্রে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে অভিমত দিয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।