এপ্রিল ১৬, ২০২৬, ০৩:০৭ পিএম
বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী ‘টাইম’ ম্যাগাজিনের ২০২৬ সালের বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়েছে বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুরের। বুধবার (১৫ এপ্রিল) নিউইয়র্ক-ভিত্তিক এই প্রভাবশালী সাময়িকীটি তাদের মর্যাদাপূর্ণ এই তালিকা প্রকাশ করে। এ বছর একমাত্র ভারতীয় অভিনেতা হিসেবে এই তালিকায় জায়গা করে নিয়ে রণবীর কাপুর ভারতীয় চলচ্চিত্রের জন্য এক অনন্য গৌরব বয়ে এনেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, রণবীর কাপুরকে এই তালিকায় ‘আর্টিস্ট’ বা শিল্পী ক্যাটাগরিতে স্থান দেওয়া হয়েছে।
টাইম ম্যাগাজিন প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদান রাখা ব্যক্তিদের এই স্বীকৃতি প্রদান করে। রণবীর কাপুর ছাড়াও ভারতীয় হিসেবে এই তালিকায় নাম রয়েছে প্রখ্যাত সেলিব্রিটি শেফ বিকাশ খান্নার। তিনি রন্ধনশিল্পের একজন দূরদর্শী ব্যক্তিত্ব হিসেবে নিজের অবস্থান মজবুত করেছেন।
২০২৬ সালের এই তালিকায় বিনোদন জগতের পাশাপাশি বিশ্বের প্রভাবশালী রাজনীতিক ও বিজ্ঞানীদের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে। ১০০ প্রভাবশালীর তালিকায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, বর্তমান পোপ লিও চতুর্দশ, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এ ছাড়া তালিকায় আরও স্থান পেয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বিজ্ঞান ও মহাকাশ গবেষণার ক্ষেত্রে অবদানের জন্য ২০২৬ সালের আর্টেমিস টু-এর কমান্ডার রিড ওয়াইজম্যানের নামও এই তালিকায় দেখা গেছে।
টাইম ম্যাগাজিন জানিয়েছে যে, এ বছর যারা এই তালিকায় স্থান পেয়েছেন তারা প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে অভূতপূর্ব উপায়ে সংস্কৃতি ও সমাজ পরিবর্তনে শক্তিশালী ভূমিকা পালন করছেন। বিশেষ করে রণবীর কাপুরের সাম্প্রতিক কাজগুলো আন্তর্জাতিক মহলে তাঁর প্রভাব ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি করেছে। এই অর্জনের মাধ্যমে তিনি আবারও প্রমাণ করলেন যে ভারতীয় সিনেমা এখন বিশ্বমঞ্চে আরও বেশি প্রাসঙ্গিক ও প্রভাবশালী হয়ে উঠছে। তাঁর এই সাফল্যে বলিউডসহ সারা বিশ্বের চলচ্চিত্র প্রেমীদের মাঝে আনন্দের জোয়ার বইছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন