রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

প্রচারণা ছাড়াই বুবলী-রোশানের সিনেমা মুক্তির ঘোষণা

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ২৬, ২০২৬, ০৭:০১ পিএম

প্রচারণা ছাড়াই বুবলী-রোশানের সিনেমা মুক্তির ঘোষণা

মুক্তির অপেক্ষায় ‘সর্দার বাড়ির খেলা’

গত রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে চিত্রনায়িকা শবনম বুবলীর সিনেমা ‘প্রেসার কুকার’। সেই রেশ কাটতে না কাটতেই আগামী মাসে বড় পর্দায় আসতে চলেছে বুবলীর নতুন সিনেমা ‘সর্দার বাড়ির খেলা’। এই সিনেমায় বুবলীর বিপরীতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক জিয়াউল রোশান। তবে অদ্ভুত বিষয় হলো, সিনেমার মুক্তির তারিখ ঘোষণা ও ট্রেলার প্রকাশ করা হলেও এর কোনো প্রচারণা বা আয়োজনে দেখা যাচ্ছে না সিনেমার প্রধান দুই তারকা কিংবা পরিচালককে।

সিনেমাটি মূলত ২০২২-২৩ অর্থবছরে সরকারি অনুদান পেয়ে নির্মিত হয়েছিল। শুরুতে এর নাম রাখা হয়েছিল ‘পুলসিরাত’। তবে শুটিং শেষে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দিলে নাম নিয়ে আপত্তি ওঠে। 

পরবর্তীতে নাম পরিবর্তন করে রাখা হয় ‘সর্দার বাড়ির খেলা’। নতুন এই নামেই এখন সিনেমাটি মুক্তির চূড়ান্ত প্রস্তুতি চলছে। সম্প্রতি পরিবেশনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়া তাদের ফেসবুক পেজে ট্রেলার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক মুক্তির ঘোষণা দেয়।

সবকিছু ঠিক থাকলে আগামী ৮ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে রোশান-বুবলী জুটির এই ছবি। তবে সিনেমার প্রচারণায় নায়ক-নায়িকার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে সিনেমাপাড়ায়। এ বিষয়ে চিত্রনায়ক জিয়াউল রোশান বিস্ময় প্রকাশ করে বলেন, ‘ট্রেলার প্রকাশ বা মুক্তির ঘোষণা—কোনোটিই আমাকে আগে জানানো হয়নি। এমনকি বিষয়টি সম্পর্কে আমি অবগতও ছিলাম না। সে কারণেই প্রচারণায় যুক্ত হইনি। এছাড়া আমার মনে হয় মুক্তির তারিখও পরিবর্তন হতে পারে, কারণ কিছু বিষয়ে এখনও অনিশ্চয়তা আছে। সবকিছু ঠিক হলে অবশ্যই আমি প্রচারণায় অংশ নেব।

অন্যদিকে, সিনেমার পরিচালক রাখাল সবুজ বুবলীর অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করে জানিয়েছেন যে, চিত্রনায়িকা শবনম বুবলী বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। সে কারণেই তিনি আপাতত প্রচারণায় অংশ নিতে পারছেন না। তবে অনুদানের এই ছবিটির নাম পরিবর্তন ও আকস্মিক মুক্তির ঘোষণা দর্শকদের মধ্যে বেশ কৌতূহল তৈরি করেছে। এখন দেখার বিষয়, নাম পরিবর্তন ও প্রচারণাহীন এই ‘সর্দার বাড়ির খেলা’ দর্শকদের মনে কতটা জায়গা করে নিতে পারে।