এপ্রিল ২৭, ২০২৬, ০৬:৫৬ পিএম
টেলিভিশন নাটকের দর্শকপ্রিয় ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’ সমাপ্তির দিকে এগোচ্ছে। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এই নাটকটির শেষ পর্ব হবে একটি বিশেষ মেগা এপিসোড। ৫২তম এই পর্বটি দেড় ঘণ্টার বেশি সময় ধরে প্রচারিত হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।নাটকটির ৪৮তম পর্ব ইতোমধ্যে প্রচারিত হয়েছে।
শুরু থেকেই এই ধারাবাহিকের প্রতিটি পর্বের দৈর্ঘ্য ছিল প্রায় ২৫ মিনিট। দর্শকদের পক্ষ থেকে সময় বাড়ানোর অনুরোধ থাকলেও টেলিভিশন সম্প্রচারের নির্দিষ্ট সময়সীমা ও স্পনসর-সংক্রান্ত সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হয়নি। তবে মেগা এপিসোডের মাধ্যমে সেই আক্ষেপ কিছুটা পূরণের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
বর্তমানে দেশের টেলিভিশন নাটকে কমেডির প্রাধান্য থাকলেও ‘এটা আমাদেরই গল্প’ ছিল একটি ব্যতিক্রমী কাজ। পারিবারিক মেলবন্ধন, সম্পর্কের উষ্ণতা ও বাস্তব জীবনের আবেগঘন গল্পের কারণে নাটকটি আলাদাভাবে দর্শকদের মনোযোগ কাড়ে। সম্পর্কের টানাপোড়েন ও পরিবারের ভেতরের গল্পগুলো দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে।
গত বছরের ৫ নভেম্বর থেকে চ্যানেল আইয়ে নাটকটির প্রচার শুরু হয়। প্রতি মঙ্গল ও বুধবার রাত সাড়ে ৯টায় এটি প্রচারিত হয়ে আসছিল। টেলিভিশনের পাশাপাশি প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলেও প্রতিটি পর্ব প্রকাশ করা হয়। সেখানেও নাটকটি ব্যাপক দর্শকপ্রিয়তা পায়।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার ও সুনেরাহ বিনতে কামাল। এছাড়া আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর ও মাহমুদুল ইসলাম মিঠু।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন