বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,
রকস্টার

চরকিতে মুক্তি পেল পান্ত কানাইয়ের নতুন গান ‘পিরিতি’: মুগ্ধতা ছড়াচ্ছে নেটদুনিয়ায়

মোঃ সাদেকুল ইসলাম

মে ১৩, ২০২৬, ১২:৫২ এএম

চরকিতে মুক্তি পেল পান্ত কানাইয়ের নতুন গান ‘পিরিতি’: মুগ্ধতা ছড়াচ্ছে নেটদুনিয়ায়

প্রেম আর বিরহের এক গভীর হাহাকার নিয়ে সংগীতাঙ্গনে নতুন উন্মাদনা তৈরি করেছে ‘পিরিতি’ গানটি। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকির অরিজিনাল চলচ্চিত্র ‘রকস্টার’ থেকে প্রকাশিত এই গানটি ইতিমধ্যেই শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। হাসান রোবায়েতের মরমী কথায় এবং আহমেদ হাসান সানির সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন গুণী শিল্পী পান্ত কানাই। গানটির সংগীত পরিচালনায় ছিলেন জাহিদ নীরব।

গানটির কথা ও সুরে কামনার মেঘ আর বিরহের আগুনের এক অদ্ভুত মেলবন্ধন ফুটে উঠেছে। শরীরী আবেগ আর প্রেমের চিরন্তন যাতনাকে শিল্পী তার দরাজ কণ্ঠে ফুটিয়ে তুলেছেন নিপুণভাবে। বিশেষ করে ‘পিরিতি জানেনা কালা কোনো সংরাগ, এ প্রাণ ডালিম যেনো ফেটে দুই ভাগ’—এমন শক্তিশালী কথামালা শ্রোতাদের বিরহের এক অন্য জগতে নিয়ে যায়। ফোক এবং আ ক্যাপেলা জনরার সংমিশ্রণে গানটির সংগীত আয়োজন করেছেন জাহিদ নীরব। আর এর মিক্স ও মাস্টারিংয়ের দায়িত্বে ছিলেন সুমন পারভেজ।

গানটিতে শ্রীরাধিকার ব্যাকুলতা আর কানুর প্রেম না বোঝার আক্ষেপ অত্যন্ত শৈল্পিকভাবে উঠে এসেছে। তিস্তার কূলে রাধার প্রাণ বিসর্জনের আকুতি আর পিরিতির অমোঘ বিষের বর্ণনা গানটিকে দিয়েছে ভিন্ন মাত্রা। আধুনিক সংগীতের আবহে লোকজ সুরের এই সংমিশ্রণটি বর্তমান প্রজন্মের শ্রোতাদের কাছেও বেশ প্রশংসিত হচ্ছে। সৃজনশীল এই আয়োজনে সংশ্লিষ্ট সকলে আশাবাদ ব্যক্ত করেছেন যে, বিরহী হৃদয়ের অন্যতম খোরাক হয়ে থাকবে এই ‘পিরিতি’ গানটি।