জুন ৮, ২০২৬, ০১:১৯ পিএম
বিশ্বজুড়ে কনসার্ট, দীর্ঘ সফর ও ঘণ্টার পর ঘণ্টা মঞ্চে নাচ ও গানের পরিবেশনা সামলেও আন্তর্জাতিক পপ তারকা শাকিরা নিজের ফিটনেস ধরে রেখেছেন। ৪৯ বছর বয়সেও তার শারীরিক সক্ষমতা ও প্রাণবন্ত উপস্থিতি অনেকের কাছেই বিস্ময়ের বিষয়।শাকিরার এমন সুগঠিত গড়নের রহস্য ফাঁস করেছেন তার দীর্ঘদিনের ফিটনেস প্রশিক্ষক অ্যানা কাইজার।
প্রশিক্ষকের মতে, শাকিরার সুস্থ থাকার পেছনে নিয়মিত শরীরচর্চা, নাচনির্ভর অনুশীলন এবং নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস সবচেয়ে বড় ভূমিকা রাখে।শাকিরার ব্যায়াম রুটিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো নাচ। অ্যানা কাইজার জানান, শাকিরা নিয়মিত ড্যান্স-কার্ডিও অনুশীলন করেন।
এই ধরনের ব্যায়ামে নাচের বিভিন্ন ধাপ ও গতিশীল মুভমেন্টের মাধ্যমে হৃদ্যন্ত্রের কর্মক্ষমতা বাড়ানো ও ক্যালরি ঝরানোর ওপর জোর দেওয়া হয়। মজার বিষয় হলো, অনুশীলনের অনেক স্টেপ তিনি পরবর্তীতে মঞ্চ পরিবেশনায় ব্যবহার করেন।
ভারী ওজন তোলার বদলে শাকিরা হালকা ওজনের ব্যায়ামে অভ্যস্ত। নির্দিষ্ট ব্যায়াম একাধিকবার পুনরাবৃত্তি করার এই কৌশল শরীরকে টানটান ও সুগঠিত রাখতে সাহায্য করে। একই সঙ্গে এটি শরীরের অপ্রয়োজনীয় চাপ কমায়। শাকিরার বেশিরভাগ অনুশীলনই লো-ইমপ্যাক্ট ধরনের, যা হাঁটু, গোড়ালি কিংবা কোমরের জয়েন্টে আঘাত পাওয়ার ঝুঁকি অনেকটাই কমিয়ে রাখে।
সঠিক রুটিন মেনে চলাই যে সুস্থতার আসল চাবিকাঠি, শাকিরার জীবনযাপন তার প্রমাণ। শৃঙ্খলাবদ্ধ জীবন এবং নিয়মিত শারীরিক সক্রিয়তার মাধ্যমেই তিনি এই বয়সে এসেও পপ জগতের গ্ল্যামার ধরে রেখেছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন