রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

লন্ডনে ইলিয়াস কাঞ্চনের দ্বিতীয় ধাপের চিকিৎসা চলছে

বিনোদন ডেস্ক

জুন ৯, ২০২৬, ০৭:১২ পিএম

লন্ডনে ইলিয়াস কাঞ্চনের দ্বিতীয় ধাপের চিকিৎসা চলছে

মস্তিষ্কে টিউমারে আক্রান্ত জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের লন্ডনে চিকিৎসার দ্বিতীয় ধাপ চলছে। বর্তমানে তার কেমোথেরাপি দেওয়া হচ্ছে, যা জুলাই মাস পর্যন্ত চলমান থাকবে বলে জানিয়েছেন নিসচা’র ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ।

তার শারীরিক অবস্থার বিষয়ে লিটন এরশাদ জানান, “ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থা এখনো পুরোপুরি স্থিতিশীল নয়। মাঝে মাঝে উন্নতির আভাস পাওয়া গেলেও আবার অবনতি ঘটছে। 

তিনি মানসিকভাবে কিছুটা ক্লান্ত বোধ করছেন এবং আগের মতো চনমনে নেই।” জুলাই মাসে কেমোথেরাপির দ্বিতীয় ধাপ সম্পন্ন হওয়ার পর চিকিৎসকের অনুমতি মিললে আগস্ট মাসে তিনি কিছু সময়ের জন্য দেশে ফিরতে পারেন বলে জানা গেছে। তবে পুরো বিষয়টি চিকিৎসকদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

প্রায় তিন দশকের বর্ণাঢ্য অভিনয় জীবনে ইলিয়াস কাঞ্চন উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা। ১৯৭৭ সালে ‘বসুন্ধরা’ চলচ্চিত্রে অভিষেকের পর ১৯৮৯ সালের ‘বেদের মেয়ে জোসনা’ তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়। 

ব্যক্তিগত জীবনে সড়ক দুর্ঘটনায় স্ত্রীকে হারানোর পর তিনি নিরাপদ সড়ক আন্দোলনে নিজেকে নিবেদিত করেন। বর্তমানে তিনি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন এবং ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনকে সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। কোটি ভক্ত তার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনায় রত।