বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

চা বিক্রেতা থেকে তিন হাজার গানে কণ্ঠ দেওয়া রাজু মন্ডলের গল্প

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৬, ২০২৬, ১২:১৭ এএম

চা বিক্রেতা থেকে তিন হাজার গানে কণ্ঠ দেওয়া রাজু মন্ডলের গল্প

ছবি - সংগৃহীত

চরম দারিদ্র্য থেকে উঠে এসে সংগীতাঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন শিল্পী রাজু মন্ডল। চতুর্থ শ্রেণিতে পড়ার সময় বাবাকে হারানোর পর পোশাক কারখানার শ্রমিক থেকে চা বিক্রেতা—জীবনের প্রতিটি ধাপে সংগ্রাম করেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের এই কঠিন পথচলার কথা জানিয়েছেন তিন হাজারের বেশি মৌলিক গানে কণ্ঠ দেওয়া এই শিল্পী।তার এই উত্থানের পেছনে লুকিয়ে আছে এক দীর্ঘ না-বলা কষ্টের ইতিহাস।

ছোটবেলায় গানের প্রতি প্রবল ঝোঁক ছিল। কিন্তু পরিবারের আর্থিক অনটনের কারণে গ্রামে পাওয়ার টিলার চালানোর কাজও করতে হয়েছে তাকে। এরপর গান নিয়ে পরিবারের অসহযোগিতায় ২০০১ সালে কাউকে না জানিয়ে ঢাকায় পাড়ি জমান তিনি। মিরপুরের একটি পোশাক কারখানায় মাত্র ৮০০ টাকা বেতনে কাজ শুরু করেন। তখন একটি পুরোনো হারমোনিয়াম কেনার টাকা জোগাড় করতে কারখানার কাজের পাশাপাশি সকালে ও সন্ধ্যায় চা বিক্রি শুরু করেন এই শিল্পী।

গানের জন্য বিভিন্ন জায়গায় ঘুরেও শুরুতে কোনো সুযোগ পাননি। একবার এক সংগীত পরিচালক একটি অ্যালবামের জন্য আট লাখ টাকা দাবি করেছিলেন, যা তার স্বপ্ন ভেঙে দেয়। হতাশ হয়ে কাজের সন্ধানে আফ্রিকায় যান তিনি। সেখানে বাউল শফি মন্ডলের সঙ্গে দেখা হওয়ার পর গানের প্রতি তার আত্মবিশ্বাস বাড়ে। দেশে ফিরে আবার ভারতে যান এবং সেখানে প্রতারণার শিকার হয়ে স্টেশনে নিঃস্ব অবস্থায় ছিলেন। পরে এক সহৃদয় ব্যক্তির আশ্রয়ে এক বছর থেকে গান করেন তিনি। দেশে ফেরার পর মুন নামের এক পরিচালকের মাধ্যমে একটি গানে কণ্ঠ দেওয়ার সুযোগ পান, আর তাতেই তার জীবনের মোড় ঘুরে যায়।

সাফল্যের এই সময়ে সবচেয়ে বড় আক্ষেপ হয়ে আছে মায়ের মৃত্যু। ক্যানসারে আক্রান্ত মাকে উন্নত চিকিৎসা দিতে না পারার কষ্ট এবং মায়ের একটি রুপার চেইন চাওয়ার আবদার মেটাতে না পারার স্মৃতি তাকে এখনো তাড়িয়ে বেড়ায়। বর্তমানে নিজের কণ্ঠে তিন হাজারের বেশি মৌলিক গান ধারণ করেছেন এবং একদিনে সর্বোচ্চ ২৭টি গানে কণ্ঠ দেওয়ার রেকর্ডও আছে তার।জীবনের শেষ দিন পর্যন্ত সাধারণ মানুষের ভালোবাসার মাঝে গান গেয়ে যেতে চান রাজু মন্ডল। নতুন শিল্পীদের প্রতি তার পরামর্শ—সংগীতকে ধারণ করতে হলে অন্তর পরিষ্কার রাখতে হবে এবং অহংকার পরিহার করে বিনয়ী হতে হবে।