জুলাই ২৬, ২০২৬, ১২:৩৯ পিএম
বাংলা চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা আহমেদ শরীফ নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে আজীবন সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন। দেশীয় চলচ্চিত্রে দীর্ঘ কয়েক দশক ধরে অনবদ্য ও ধারাবাহিক অভিনয়ের মাধ্যমে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এই সম্মানে ভূষিত করা হচ্ছে।আগামী ২ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে উৎসবের সমাপনী দিনে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।
প্রিয়জন ফিল্মস ও লেমন স্টুডিওর যৌথ আয়োজনে আগামী ৩০ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী এই বিশেষ চলচ্চিত্র উৎসব। নিউইয়র্কের ঐতিহ্যবাহী জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আয়োজিত এই উৎসবে বাংলাদেশের বেশ কয়েকটি আলোচিত পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য ও তথ্যচিত্র প্রদর্শিত হবে। প্রথম দিনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র `বিলাই`, তথ্যচিত্র `কনসার্ট ফর বাংলাদেশ` এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র `নয়া মানুষ` প্রদর্শনের মধ্য দিয়ে পর্দা উঠবে উৎসবের। পরের দুই দিনে `দেয়ালের দেশ`, `বিশ্বাস করেন ভাই` এবং প্রসূন রহমান পরিচালিত `শেকড়`সহ একাধিক চলচ্চিত্র উপভোগের সুযোগ পাবেন দর্শক।
উৎসবের সমাপনী দিনে আহমেদ শরীফের আজীবন সম্মাননার পাশাপাশি ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে নির্মিত চলচ্চিত্রের ওপর ভিত্তি করে সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনেতা-অভিনেত্রীসহ মোট ২০টি বিভাগে সেরা কলাকুশলীদের সম্মাননা দেওয়া হবে।চলচ্চিত্র ব্যক্তিত্ব, সংস্কৃতিপ্রেমী ও প্রবাসী বাঙালি দর্শকদের উপস্থিতিতে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক এই উৎসবের সমাপ্তি ঘটবে বলে জানিয়েছেন আয়োজকেরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন