রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৭, ২০২৬, ০২:৫৬ পিএম

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

নেত্রকোনায় ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের গৌরীপুর এলাকায় র‍্যাব-১৪-এর একটি বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। নেত্রকোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল-মামুন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায় যে গত ১ আগস্ট সন্ধ্যায় বাড়ির পাশের একটি জঙ্গলে নিয়ে ভুক্তভোগী স্কুলছাত্রীকে ধর্ষণ করা হয়।ঘটনার দিন ভুক্তভোগীর বাবা স্থানীয় বাজারে ছিলেন এবং শিশুটির মা বাড়ির বাইরে কাজে ব্যস্ত ছিলেন। এ সুযোগে কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া কিশোরীকে জোরপূর্বক জঙ্গলে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। 

পরে শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বর্তমানে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় তাকে প্রধান আসামি করা হয়েছে এবং মামলায় অজ্ঞাতপরিচয় আরও আটজনকেও আসামি করা হয়েছে।

ভুক্তভোগীর পরিবারের ভাষ্যমতে, দীর্ঘ সময় ধরে কনটেন্ট তৈরির মাধ্যমে জনপ্রিয় করার প্রলোভন দেখিয়ে অভিযুক্ত রিপন মিয়া ওই কিশোরীকে উত্ত্যক্ত করে আসছিল। লোকলজ্জার ভয়ে ভুক্তভোগীর পরিবার শুরুতে বিষয়টি প্রকাশ্যে আনতে পারেনি। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে কিশোরীর বাবা বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেন।

পুলিশ ও র‍্যাব সূত্র জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। পাশাপাশি এই মামলার সঙ্গে জড়িত অন্যান্য অজ্ঞাতনামা আসামিদের শনাক্তকরণ ও গ্রেপ্তারের লক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা চলমান রয়েছে। অপরাধ সংঘটনের প্রকৃত পরিস্থিতি উদ্ঘাটনে তদন্তকারী কর্মকর্তা বর্তমানে কাজ করছেন।