শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬,
চাঞ্চল্যকর হত্যাকাণ্ড

কনটেন্ট ক্রিয়েটর ইভলিনকে গুলি করে হত্যা

বিনোদন ডেস্ক

সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১১:৫৯ এএম

কনটেন্ট ক্রিয়েটর ইভলিনকে গুলি করে হত্যা

ছবি: সংগৃহীত

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় পারা রাজ্যের মায়ে দো রিও শহরে ইভলিন লিমা দান্তাস নামের এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটরকে নিজ বাড়ি থেকে টেনেহিঁচড়ে বের করে গুলি চালিয়ে হত্যা করেছে সশস্ত্র দুর্বৃত্তরা। বুধবার রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে দুটি গাড়িতে করে আসা বন্দুকধারীরা তার বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে। এরপর বাবার সামনে দিয়েই তাকে বাইরে ফুটপাতে নিয়ে যাওয়া হয় এবং মুখ ও শরীর লক্ষ্য করে খুব কাছ থেকে একাধিক গুলি করে মৃত্যু নিশ্চিত করা হয়।

কারাগার থেকে জামিনে মুক্তির মাত্র পাঁচ দিনের মাথায় এই হত্যাকাণ্ড ঘটল। হত্যাকাণ্ড সংঘটিত করে পালিয়ে যাওয়ার আগে হামলাকারীরা বাড়ির সীমানা প্রাচীরে স্প্রে পেইন্ট ব্যবহার করে রিও ডি জেনেরিওর কুখ্যাত অপরাধী চক্র তের্সেইরো কমান্ডো পুরোর নাম লিখে রেখে যায়। তবে ঘটনাস্থলে পাওয়া এই গ্রাফিতির সঙ্গে হত্যাকাণ্ডের কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। 

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ও ইনস্টাগ্রামে ইভলিনের কয়েক হাজার অনুসারী ছিল। সেখানে তিনি নিয়মিত রূপচর্চা ও লাইফস্টাইল সংক্রান্ত ভিডিও প্রচার করতেন। তবে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দীর্ঘদিনের সন্দেহ ছিল যে তিনি পর্দার আড়ালে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।

এর আগে গত ২৯ জুলাই মায়ে দো রিও শহরের একটি সুপারমার্কেটের সামনে চারজন মুখোশধারী ব্যক্তি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এবং সাবেক পৌর গার্ড কমান্ডার আন্তোনিও আনিলদো আলভেস দা সিলভাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে। চাঞ্চল্যকর সেই হত্যাকাণ্ডে সরাসরি সহায়তা করার অভিযোগে পরবর্তীতে পুলিশ ইভলিনকে গ্রেফতার করে। তবে আদালতে দাখিলকৃত অভিযোগের পক্ষে পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ না মেলায় গত শনিবার তিনি কারাগার থেকে জামিনে মুক্তি পান। মুক্তি পাওয়ার এক সপ্তাহের কম সময়ের মধ্যে তিনি নিজেই হত্যার শিকার হলেন।

তদন্তকারী পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, সাবেক পুলিশ কর্মকর্তা হত্যাকাণ্ডের আলামত চিরতরে মুছে ফেলা কিংবা কোনো অপরাধী চক্রের অভ্যন্তরীণ প্রতিশোধের কারণে এই ঘটনা ঘটেছে কি না, তা গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত এই ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি এবং হামলাকারীদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।