বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

মৃত্যুর গুজব নিয়ে মুখ খুললেন টালিউড অভিনেতা বিপ্লব চ্যাটার্জি

বিনোদন ডেস্ক

সেপ্টেম্বর ২, ২০২৬, ১১:০৯ পিএম

মৃত্যুর গুজব নিয়ে মুখ খুললেন টালিউড অভিনেতা বিপ্লব চ্যাটার্জি

ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর তা তীব্রভাবে খণ্ডন করেছেন টালিউডের প্রবীণ অভিনেতা বিপ্লব চ্যাটার্জি। সম্প্রতি ফেসবুকে তাকে মৃত বলে একটি পোস্ট ছড়িয়ে পড়লে চারদিকে নানা আলোচনা শুরু হয়। তবে বিষয়টি দ্রুত তার নজরে আসায় তিনি নিজে ভিডিওবার্তা দিয়ে সুস্থতার কথা জানান এবং ভুয়া তথ্য ছড়ানোদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন।

গুজব ছড়িয়ে পড়ার পর তাৎক্ষণিকভাবে গণমাধ্যমের সামনে এসে নিজের অবস্থান স্পষ্ট করেন এই অভিনেতা। সামাজিক মাধ্যমে প্রকাশিত ওই ভুয়া পোস্টে অভিনেতার একটি ছবি ব্যবহার করে ক্যাপশনে ‘প্রয়াত’ লেখা হয়েছিল। অনুরাগীরা সেই পোস্ট দেখে শোক প্রকাশ করতে শুরু করলে বিষয়টি নজরে আসে ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্সের। 

সংস্থার পক্ষ থেকে প্রথমে জানানো হয় যে বিপ্লব চ্যাটার্জি সম্পূর্ণ সুস্থ আছেন এবং তার মৃত্যুর খবরটি সম্পূর্ণ ভুয়া। এর কিছুক্ষণ পরেই একটি ভিডিওবার্তার মাধ্যমে নিজেই উপস্থিত হন এই অভিনেতা। ভিডিওবার্তায় বিপ্লব চ্যাটার্জি বলেন, একটি খবর ছড়িয়েছে যে তিনি মারা গেছেন। মৃত্যুর বিষয়ে মন্তব্য করে তিনি জানান, নির্দিষ্ট সময়ে সবাইকেই চলে যেতে হবে, তবে বেঁচে থাকা পর্যন্ত এমন অপপ্রচার চালানো অন্যায়। 

এ ধরনের আচরণকে শিক্ষার অভাব বলে অভিহিত করে তিনি বলেন, কাউকে না জেনে বা যাচাই না করে হঠাৎ মৃত বলে দেওয়া উচিত নয়। এ সময় কিছুটা রসিকতা করে তিনি বলেন, পর্দায় অনেক খল চরিত্রে অভিনয় করলেও তিনি বাস্তবে রাজনৈতিক নেতাদের মতো খারাপ নন। তার এই বক্তব্যের মধ্য দিয়ে গুজবের অবসান ঘটে।