আগস্ট ২২, ২০২৫, ০৫:৩৯ পিএম
পরিচালক লীসা গাজী পরিচালিত ও গুপী বাঘা প্রোডাকশনস লিমিটেড এবং কমলা কালেক্টিভের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র 'বাড়ির নাম শাহানা' এবার বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। এই খবরটি গতকাল রাতে গুপী বাঘা প্রোডাকশনসের অফিসিয়াল ফেসবুক পেজে নিশ্চিত করা হয়েছে।
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রটি নব্বইয়ের দশকের বাংলাদেশের এক রক্ষণশীল পরিবারের এক নারীর বেঁচে থাকার গল্প। সিনেমার কেন্দ্রীয় চরিত্র 'দীপা' বিচ্ছেদের পর সমাজ ও পরিবারের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়ে নিজের মতো করে জীবনযাপন করতে চায়। সমাজের কূপমণ্ডুকতাকে অস্বীকার করে দীপার এই জীবনযুদ্ধই এই সিনেমার মূল উপজীব্য।
'বাড়ির নাম শাহানা' ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে বেশ প্রশংসিত হয়েছে। এটি লন্ডন, শিকাগো, মেলবোর্ন, বার্মিংহাম, রোম ও মুম্বাইয়ে প্রদর্শিত হয়েছে। সিনেমাটির বেশিরভাগ চিত্রগ্রহণ বাংলাদেশের একটি মফস্বল শহরে করা হয়েছে, এবং কিছু অংশের শুটিং হয়েছে যুক্তরাজ্যে। গল্পের সময় ও প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্য রাখতে সিনেমাটি ডাবিং ছাড়াই অন-লোকেশন সাউন্ডে নির্মিত হয়েছে।
পরিচালক লীসা গাজী বলেন, "আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র 'বাড়ির নাম শাহানা' সিনেমাপ্রেমী দর্শকদের সামনে আনার সুযোগ পেয়ে আমি আপ্লুত।" তিনি আরও বলেন, সিনেমাটি জীবনের জয়গানে মুখর এবং দর্শকরা সপরিবার ও সবান্ধব এসে সিনেমাটি দেখুক, এটাই তাদের একমাত্র চাওয়া।
সিনেমার প্রধান চরিত্রে 'দীপা' হিসেবে অভিনয় করেছেন আনান সিদ্দীকা, যিনি পরিচালক লীসা গাজীর সঙ্গে যৌথভাবে সিনেমাটির চিত্রনাট্যও লিখেছেন। এছাড়াও, জয়ন্ত চট্টোপাধ্যায়, লুৎফর রহমান জর্জ, ইরেশ যাকের সহ অন্যান্য গুণী শিল্পীরা এতে অভিনয় করেছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন