রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আরিয়ানের পরিচালনায় মুগ্ধ সালমান, কী বললেন শাহরুখ?

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৯, ২০২৫, ১০:৪৭ এএম

আরিয়ানের পরিচালনায় মুগ্ধ সালমান, কী বললেন শাহরুখ?

ছবি - সংগৃহীত

সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ‘জয় ফোরাম ২০২৫’-এর মঞ্চে শাহরুখ খান, সালমান খান ও আমির খানের ঐতিহাসিক পুনর্মিলনী ভক্তদের জন্য ছিল এক বিশাল পাওয়া। তবে সেই আসরের সবচেয়ে উষ্ণ মুহূর্তটি তৈরি হয়, যখন সালমান খান প্রকাশ্যে শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের পরিচালনার ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানের আড্ডায় আরিয়ানের প্রথম পরিচালিত ওয়েব সিরিজ (দ্য ব্যাডস অব বলিউড) প্রসঙ্গে সালমান খান বলেন, “আরিয়ান নতুন একটি ওয়েব সিরিজ বানিয়েছে, এটা ওর প্রথম পরিচালনা। ও দারুণ কাজ করেছে। যদিও আরিয়ান ক্যামেরার পেছনেই থাকতে চায়, আমি চাই ও ক্যামেরার সামনেও আসুক।”

এরপরই শাহরুখ খানের দিকে তাকিয়ে সালমান সেই মন্তব্যটি করেন, যা ভক্তদের হৃদয় ছুঁয়ে যায়। তিনি বলেন, “আমার বিশ্বাস, যদি আরিয়ান কোনোদিন তার বাবাকে ছাপিয়ে যায়, তবে শাহরুখই (বাবা হিসেবে) সবচেয়ে বেশি খুশি হবে।”সালমানের এই উষ্ণ মন্তব্যের জবাবে শাহরুখ খানও রসিকতা করে বলেন, “যদি সালমানের ছেলে থাকত, আমিও চাইতাম সে সবচেয়ে বড় তারকা হোক।”

তিনি আরও যোগ করেন, “সত্যি বলতে, এই প্রজন্ম (আরিয়ানরা) ভিডিও এবং প্রযুক্তি সম্পর্কে অনেক বেশি সচেতন, যা আরিয়ানের কাজেও স্পষ্ট ফুটে উঠেছে।”উল্লেখ্য, আরিয়ান খানের প্রথম এই ওয়েব সিরিজটি নেপোটিজম ও বলিউডের অন্ধকার দিক নিয়ে ব্যঙ্গাত্মক গল্প হওয়ায় বেশ আলোচিত হয়েছিল। এমনকি এটি মুক্তির আগে আইনি জটিলতাতেও পড়েছিল। এমন একটি বিতর্কিত প্রজেক্টের জন্য সালমানের এই প্রকাশ্য প্রশংসা দুই খানের মধ্যকার গভীর বন্ধুত্বকেই আবার প্রমাণ করল।