অক্টোবর ১৯, ২০২৫, ১১:৩৫ এএম
খুব শীঘ্রই মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী পরীণীতি চোপড়া। তবে সন্তান জন্মের ঠিক আগ মুহূর্তে তার এক সিদ্ধান্তে তোলপাড় শুরু হয়েছে বলিউড পাড়ায়। স্বামী, রাজনীতিবিদ রাঘব চাড্ডার কর্মস্থল দিল্লিতে উড়ে গেছেন অভিনেত্রী। আর তাতেই গুঞ্জন উঠেছে, তিনি কি তবে অভিনয় জগৎকে বিদায় জানিয়ে পাকাপাকিভাবে মুম্বাই ছাড়তে চলেছেন?
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, পরীণীতির কর্মভূমি মুম্বাই হলেও, তার স্বামী রাঘব চাড্ডার পৈতৃক বাড়ি ও কর্মক্ষেত্র দুটোই দিল্লিতে। বিয়ের পর থেকেই এই দুই শহরের মধ্যে আসা-যাওয়া করছিলেন অভিনেত্রী। তবে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় ঘনিয়ে আসায়, পরিবারের লোকেরা তাকে আর একা মুম্বাইয়ে রাখতে চান না। তাই তিনি দিল্লিতে চলে গেছেন এবং সেখানেই তার সন্তানের জন্ম হবে বলে জানা গেছে।
এই খবর প্রকাশ্যে আসতেই ভক্তদের মনে প্রশ্ন জেগেছে, তবে কি মা হওয়ার পর আর মুম্বাই ফিরবেন না তিনি? রাজনৈতিক পরিবারের বধূ হিসেবে এবার কি পুরোদস্তুর সংসারী হয়ে উঠবেন?
উল্লেখ্য, ২০২৩ সালের সেপ্টেম্বরে আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডার সঙ্গে রাজস্থানের উদয়পুরে রাজকীয়ভাবে বিয়ে হয় পরীণীতির। চলতি বছরের আগস্ট মাসে তিনি অন্তঃসত্ত্বা হওয়ার সুখবরটি জানান। যদিও এই তারকা দম্পতি এখনও এই জল্পনা নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি, তবে ভক্তদের কৌতূহল এখন তুঙ্গে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন