সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

শুটিংয়ে যেতে জ্যামে আটকা সালমান, নিলেন বাইকে লিফট

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৭, ২০২৫, ১১:৫৯ এএম

শুটিংয়ে যেতে জ্যামে আটকা সালমান, নিলেন বাইকে লিফট

লেহ-লাদাখের দুর্গম পাহাড় নয়, এবার মুম্বাই শহরের ভয়াবহ যানজটের সাথে যুদ্ধ করতে হলো বলিউড সুপারস্টার সালমান খানকে। ‘ব্যাটল অফ গালওয়ান’ সিনেমার শুটিংয়ে যাওয়ার পথে সময়ের সাথে এই লড়াইয়ে নামতে হয় খোদ ভাইজানকে। শুটিংফ্লোরে সময়মতো পৌঁছানোর তাগিদ যখন মিনিটে মিনিটে উদ্বেগ বাড়াচ্ছিল, তখনই এক অবাক করা ঘটনা ঘটল।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সময়মতো শুটিংয়ে পৌঁছাতে সালমান খান মাঝরাস্তায় তার বিলাসবহুল গাড়ি থেকে নেমে পড়েন। এরপর তিনি এক সাধারণ তরুণের কাছে বাইকে লিফট চান। ওই তরুণ তাকে লিফট দিতে রাজি হলে সালমান তার বাইকে চেপেই শুটিং ফ্লোরের উদ্দেশে রওনা দেন।

যদিও সুপারস্টারের নিরাপত্তার কথা মাথায় রেখে, তার নিরাপত্তারক্ষীরা অন্য গাড়িতে দ্রুত তার পিছু নিতে থাকেন। মুম্বাইয়ের রাজপথে একজন সাধারণ তরুণের বাইকে সওয়ারি হয়েছেন সালমান খান আর তাকে অনুসরণ করে ছুটে চলেছে নিরাপত্তারক্ষীদের গাড়ি— এই দৃশ্য যেকোনো সিনেমার দৃশ্যকেও হার মানাতে পারতো।

আশ্চর্যজনক বিষয় হলো, নিজের গন্তব্য অর্থাৎ স্টুডিও পর্যন্ত পৌঁছানো পর্যন্ত সালমান খান কোনোভাবেই নিজের পরিচয় প্রকাশ করেননি। মুখ ঢাকা থাকায় বাইকের চালক ওই তরুণ টেরও পাননি যে তিনি স্বয়ং সালমান খানকে নিয়ে যাচ্ছেন।স্টুডিওতে পৌঁছানোর পরই ভাইজান নিজের পরিচয় দেন। সুপারস্টারের আসল পরিচয় জানতে পেরে সেই তরুণ বাইকচালক রীতিমতো স্তম্ভিত ও হতবাক হয়ে যান। তবে এই বলিউড তারকার এমন পদক্ষেপে সেদিনের মতো শুটিংয়ের সময় রক্ষা পায়।