সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

আবারও পর্দায় ফিরছে সালমান-গোবিন্দর ‘পার্টনার’ জুটি

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৮, ২০২৫, ০৭:২৮ পিএম

আবারও পর্দায় ফিরছে সালমান-গোবিন্দর ‘পার্টনার’ জুটি

বলিউডের এক সময়ের সুপারহিট জুটি সালমান খান ও গোবিন্দকে আবারও একসঙ্গে পর্দায় দেখার সম্ভাবনা তৈরি হয়েছে। ২০০৭ সালে মুক্তি পাওয়া ডেভিড ধাওয়ানের কমেডি সিনেমা ‘পার্টনার’ বক্স অফিসে ঝড় তুলেছিল এবং এই জুটির রসায়ন দর্শকদের মন জয় করেছিল। দীর্ঘ বিরতির পর আবারও সেই ম্যাজিক ফিরিয়ে আনতে চলেছেন তারা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সালমান খান এবং গোবিন্দ একটি নতুন প্রজেক্ট নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু করেছেন। যদিও ছবিটি এখনো প্রাথমিক আলোচনার পর্যায়ে রয়েছে এবং এর নামও চূড়ান্ত হয়নি, তবে দুই তারকার একসঙ্গে ফেরার খবরটিই ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি করেছে।

অনেক দিন ধরেই বড় পর্দা থেকে দূরে রয়েছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়ক গোবিন্দ। সম্প্রতি তার সিনেমায় ফেরার গুঞ্জন শোনা যাচ্ছিল। এর মধ্যেই সালমানের সঙ্গে তার যুক্ত হওয়ার খবরটি যেন বাড়তি পাওনা। কিছুদিন আগে ‘বিগ বস ১৯’-এর মঞ্চে গোবিন্দর স্ত্রী সুনীতা আহুজা এসেছিলেন। সেখানে তিনি সঞ্চালক সালমান খানের সঙ্গে গোবিন্দর পুনরায় কাজ করার বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন, যা এই গুঞ্জনকে আরও জোরালো করেছে।

এদিকে, গোবিন্দ নিজেও সোশ্যাল মিডিয়ায় তার ফিরে আসার ইঙ্গিত দিয়েছেন। সম্প্রতি ফিল্ম সিটি থেকে নিজের একটি ছবি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘নতুন শুরুর জন্য প্রস্তুত।’ যদিও তিনি নির্দিষ্ট কোনো প্রজেক্টের নাম উল্লেখ করেননি, তবে ধারণা করা হচ্ছে, এটি সালমান খানের সঙ্গেই হতে পারে।

ভক্তরা এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তবে ‘পার্টনার’-এর পর আবারও বড় পর্দায় সালমান-গোবিন্দ জুটির কমেডি দেখার সুযোগ পাবেন দর্শকরা।বর্তমানে সালমান খান তার আসন্ন সিনেমা ‘ব্যাটল অফ গালওয়ান’-এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। অপূর্ব লাখিয়া পরিচালিত এই ছবিতে তাকে একজন সেনা অফিসারের চরিত্রে দেখা যাবে। অন্যদিকে, গোবিন্দও নতুন করে ক্যারিয়ার শুরু করার প্রস্তুতি নিচ্ছেন।