সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

সালমান কেমন মানুষ? এক কথায় শাহরুখের জবাব

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩১, ২০২৫, ০৯:৩৩ পিএম

সালমান কেমন মানুষ? এক কথায় শাহরুখের জবাব

শাহরুখ খান ও সালমান খান—বলিউডের এই দুই সুপারস্টারের সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। তাদের দীর্ঘদিনের বন্ধুত্ব, মাঝখানের বিবাদ এবং পুনরায় উষ্ণ সম্পর্ক—সবকিছুই বরাবরই থাকে গণমাধ্যমের আলোচনার শীর্ষে। তাই ভক্তরাও সুযোগ পেলেই এই দুই খানকে একে অপরের বিষয়ে প্রশ্ন করে থাকেন।

এবারও তার ব্যতিক্রম হলো না। বলিউড বাদশাহ শাহরুখ খান তার আসন্ন ৬০তম জন্মদিন (২ নভেম্বর) সামনে রেখে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ভক্তদের জন্য একটি বিশেষ চ্যাট সেশন ‘আমাকে যা খুশি জিজ্ঞাসা করুন’এর আয়োজন করেন।ভক্তরাও এই আয়োজনের নামের সার্থকতা রেখেছেন। সেশন চলাকালীন সময়ে তারা তাদের মনে আসা নানা প্রশ্ন করেছেন প্রিয় তারকাকে। শাহরুখও হাসিমুখে ভক্তদের মন রক্ষা করে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এই সেশন চলাকালেই একজন ব্যবহারকারী শাহরুখ খানকে প্রশ্ন করেন, ‘সালমান খান’ কেমন মানুষ, তা যদি তিনি এক কথায় বর্ণনা করেন। ভক্তের এই প্রশ্নের জবাবে শাহরুখ খানও কোনো দ্বিধা না করে অত্যন্ত আন্তরিকতার সাথে জবাব দেন। তিনি সালমান খানকে উদ্দেশ্য করে লেখেন, ‘সেরা ভাই। তাকে ভালোবাসি।

শাহরুখের এই ছোট্ট উত্তরই দুই তারকার ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে দিয়েছে। উল্লেখ্য, নব্বইয়ের দশকে প্রায় একই সময়ে এই দুই খানের সিনেমার ক্যারিয়ার শুরু হয়েছিল। ১৯৯৫ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার সিনেমা ‘করণ অর্জুন’-এ তারা দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন, যে জুটি সেই সময়েই ‘ক্ল্যাসিক’ উপাধি পেয়েছিল এবং আজও দর্শকদের হৃদয়ে অমলিন হয়ে আছে।