সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৮:২৯ পিএম
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের দাবি জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতৃবৃন্দ সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
রবিবার (২৮ সেপ্টেম্বর, ২০২৫) দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত এই সাক্ষাতে পূজার নিরাপত্তা ছাড়াও সাম্য হত্যাকাণ্ড, তোফাজ্জল হত্যাকাণ্ড, পাহাড়ি অস্থিরতা এবং ক্যাম্পাস-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।সাক্ষাৎ শেষে ডাকসু ভিপি আবু সাদিক কায়েম
এবং জিএস এস এম ফরহাদ সাংবাদিকদের কাছে আলোচনার মূল দিকগুলো তুলে ধরেন। পূজার নিরাপত্তা প্রসঙ্গে ডাকসুর পক্ষ থেকে নিম্নোক্ত দাবিগুলো জানানো হয়:
-
পূজামণ্ডপে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন।
-
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার এবং গোয়েন্দা কার্যক্রম তদারকি।
-
বিশেষ ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া।
এছাড়া, ডাকসুর পক্ষ থেকে প্রতিমা ভাঙচুরসহ অতীতের বিভিন্ন ঘটনার সুষ্ঠু তদন্ত না হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয় এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। প্রত্যুত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে ইতোমধ্যে একাধিক বৈঠক হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ডাকসু জিএস এস এম ফরহাদ জানান, তোফাজ্জল হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন পাওয়া গেলেও বিচার এখনো সম্পন্ন হয়নি, তাই দ্রুততম সময়ে মামলা নিষ্পত্তির দাবি জানানো হয়েছে। একইসাথে সাম্য হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন এখনো প্রকাশিত না হওয়ায় ডাকসু নেতারা ক্ষোভ প্রকাশ করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা এই দুটি হত্যাকাণ্ডের বিচার নিয়ে আশ্বাস দেন:
-
অচিরেই সাম্য হত্যাকাণ্ডের প্রকৃত তথ্য প্রকাশ করা হবে।
-
এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হবে।
ডাকসু ভিপি আবু সাদিক কায়েম বলেন, "জুলাই বিপ্লবের পর বিশ্ব দরবারে নতুন দৃষ্টান্ত স্থাপনের সুযোগ তৈরি হয়েছে। এবারের পূজা আরও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলে আবারও সম্প্রীতির অনন্য নজির স্থাপিত হবে।"
সাক্ষাতকালে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এবং মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা সহ অন্যান্য কার্যনির্বাহী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন