জুন ১৩, ২০২৬, ০৩:৩৫ পিএম
ভারতে ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু জীবনরক্ষাকারী ওষুধ এবং কয়েকটি প্রয়োজনীয় ভ্যাকসিনের সর্বোচ্চ নির্ধারিত দাম একলাফে ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। দেশের বাজারে এসব ওষুধের ধারাবাহিক সরবরাহ বজায় রাখতে এবং ঘাটতির ঝুঁকি মোকাবিলা করতেই এই মূল্যবৃদ্ধির অনুমোদন দিয়েছে দেশটির কেন্দ্রীয় সংস্থা ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি।
আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় স্থানীয় উৎপাদনকারীরা উৎপাদন বন্ধ করার মতো পরিস্থিতি এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।নতুন এই সিদ্ধান্ত ইতিমধ্যে কার্যকর করা হয়েছে।সরকারি নির্দেশনামা অনুযায়ী ক্যানসার থেরাপিতে ব্যাপকভাবে ব্যবহৃত কার্বোপ্লাটিন ও সিসপ্লাটিন ইনজেকশনের সর্বোচ্চ খুচরা মূল্য ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে।
এর পাশাপাশি ধনুষ্টংকার বা টিটেনাস প্রতিরোধে ব্যবহৃত জরুরি অ্যান্টি-টিটেনাস ইমিউনোগ্লোবুলিন ইনজেকশন এবং সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার তৈরি শিশুদের কয়েকটি গুরুত্বপূর্ণ ভ্যাকসিনের দামও নতুন করে সংশোধন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি ওষুধ তৈরির কাঁচামালের দাম ও সামগ্রিক উৎপাদন ব্যয় সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে আগের পুরনো মূল্যে স্থানীয় বাজারে উৎপাদন সচল রাখা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখা কোম্পানিগুলোর জন্য অসম্ভব হয়ে পড়েছিল।
এর আগে দেশটির স্বাস্থ্য খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা সতর্ক করেছিলেন যে দাম না বাড়ালে বাজারে এসব জরুরি ওষুধের তীব্র ঘাটতি তৈরি হতে পারে। এর ফলে ক্যানসার আক্রান্ত রোগীরা চরম ভোগান্তিতে পড়তেন এবং বাধ্য হয়ে চিকিৎসায় বিকল্প হিসেবে আরও বেশি ব্যয়বহুল ওষুধ ব্যবহার করতে হতো। তবে রোগীদের আর্থিক সক্ষমতার কথা বিবেচনা করে কর্তৃপক্ষ জানিয়েছে যে এই নতুন নির্ধারিত মূল্য আগামী ছয় মাস পর পুনরায় কঠোরভাবে পর্যালোচনা করা হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন