বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,
স্বাস্থ্যঝুঁকি

মশার কয়েলের ধোঁয়া ও ক্যানসার: যা জানাচ্ছেন বিশেষজ্ঞ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২১, ২০২৬, ১১:০৫ এএম

মশার কয়েলের ধোঁয়া ও ক্যানসার: যা জানাচ্ছেন বিশেষজ্ঞ

বাসাবাড়িতে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন, সুগন্ধ ছড়ানো কিংবা মশা তাড়াতে নিয়মিত আগরবাতি ও মশার কয়েল ব্যবহারের চল দীর্ঘদিনের। তবে এসব পণ্য পোড়ানোর ফলে যে ধোঁয়া তৈরি হয়, তা মানবদেহের জন্য কতটা ঝুঁকিপূর্ণ এবং এর ফলে ক্যানসার হতে পারে কি না, তা নিয়ে সাধারণ মানুষের মাঝে নানা প্রশ্ন রয়েছে। গৃহস্থালি এসব পণ্য ব্যবহারের সঙ্গে সরাসরি ক্যানসারের সম্পর্কের বিষয়ে চিকিৎসা বিশেষজ্ঞদের বিশ্লেষণ সামনে এসেছে।

মাঝেমধ্যে বাড়িতে আগরবাতি কিংবা মশার কয়েল ব্যবহারের কারণে সরাসরি ক্যানসার হয়, এমন দাবির পক্ষে চিকিৎসাবিজ্ঞানে বর্তমানে পর্যাপ্ত প্রমাণ নেই বলে জানিয়েছেন ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসকেরা। বিশেষজ্ঞদের মতে, এসব পণ্য পোড়ানোর কারণে ক্যানসার নিশ্চিত না হলেও ঘরের ভেতরের বাতাসের গুণমান মারাত্মকভাবে খারাপ হতে পারে। বিশেষ করে যেসব ঘরে বাতাস চলাচলের পর্যাপ্ত ব্যবস্থা নেই, সেখানে অবস্থানকারীদের ওপর ধোঁয়ার সংস্পর্শ বেশি ঘটে।

আগরবাতি জ্বালালে কেবল সুগন্ধই ছড়ায় না, দহনের সময় বাতাসে অতি সূক্ষ্ম কণা ও নানা ধরনের গ্যাসীয় উপাদান মিশে যায়। এর মধ্যে উদ্বায়ী জৈব যৌগ এবং পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মতো রাসায়নিক উপাদান তৈরি হওয়ার ঝুঁকি থাকে। তবে কেউ মাঝেমধ্যে আগরবাতি ব্যবহার করলেই তার ক্যানসার হয়ে যাবে, চিকিৎসাবিজ্ঞান এমন দাবি সমর্থন করে না। ক্যানসার আক্রান্ত হওয়ার পেছনে বংশগত বা জিনগত কারণ, তামাক সেবন, মদ্যপান, সুনির্দিষ্ট কিছু সংক্রমণ, মাত্রাতিরিক্ত স্থূলতা এবং সামগ্রিক পরিবেশগত নানা নিয়ামক যৌথভাবে ভূমিকা রাখে।

অন্যদিকে মশার কয়েল ধীরে ধীরে পুড়ে বাতাসজুড়ে মশা তাড়ানোর নানা উপাদান ছড়িয়ে দেয়। একই সঙ্গে দহন প্রক্রিয়ার কারণে বাতাসে বিষাক্ত ধোঁয়া এবং অতি সূক্ষ্ম কণা জমা হয়। একজন মানুষ কতটা ধোঁয়ার সংস্পর্শে আসছেন, তা মূলত নির্ভর করে কয়েলে ব্যবহৃত উপাদান, ব্যবহারের ঘনত্ব, ঘরের আকার এবং বাতাস চলাচলের সক্ষমতার ওপর। খোলামেলা ও বাতাস চলাচল করে এমন স্থানের তুলনায় ছোট কিংবা বদ্ধ ঘরে কয়েল জ্বালালে ধোঁয়ার সংস্পর্শের মাত্রা অনেক বেড়ে যায়। বিশেষ করে একই আবদ্ধ কক্ষে দীর্ঘ সময় অবস্থান করা কিংবা রাতে ঘুমানোর ক্ষেত্রে এই ঝুঁকির বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়।

মাঝেমধ্যে ব্যবহারে সরাসরি ক্যানসারের নিশ্চিত প্রমাণ না থাকলেও কিছু গবেষণায় দীর্ঘমেয়াদে আগরবাতির ধোঁয়ার সংস্পর্শে থাকার সঙ্গে শ্বাসতন্ত্রের ক্যানসারের সম্ভাব্য সম্পর্কের কথা উঠে এসেছে। মশার কয়েলের ধোঁয়াও শ্বাসতন্ত্রের কার্যক্ষমতার ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে বলে গবেষণায় সংকেত পাওয়া গেছে। তবে এই গবেষণাগুলো একটি সম্ভাব্য সংযোগের ইঙ্গিত দিলেও সাধারণ গৃহস্থালি পণ্য ও ক্যানসারের মাঝে সরাসরি কারণ ও ফলাফলের সম্পর্ক অকাট্যভাবে নিশ্চিত করে না। এর দীর্ঘমেয়াদি প্রভাব চূড়ান্তভাবে জানতে চিকিৎসাবিজ্ঞানে আরও গভীর গবেষণার প্রয়োজন রয়েছে।

ঘরে আগরবাতি কিংবা কয়েল জ্বালালে ধোঁয়া কতটা জমবে, তা প্রধানত নির্ভর করে ঘরের সঠিক বাতাস চলাচলের ওপর। জানালা ও দরজা সম্পূর্ণ বন্ধ থাকা অবস্থায় এসব পণ্য ব্যবহার করা হলে ধোঁয়া ও রাসায়নিক কণাগুলো সহজে কক্ষ থেকে বের হতে পারে না। এর ফলে ঘরের বাতাসে এসব উপাদানের ঘনত্ব দ্রুত বাড়ে এবং দীর্ঘ সময় ওই ঘরে অবস্থান করলে শারীরিক ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। ধোঁয়ার কারণে দমবন্ধ ভাব বা শ্বাসকষ্টের মতো জটিলতা এড়াতে কয়েকটি সুনির্দিষ্ট সতর্কতামূলক ব্যবস্থা অনুসরণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।

সতর্কতাগুলোর মধ্যে রয়েছে বাতাস চলাচলের পর্যাপ্ত সুযোগ রয়েছে এমন স্থানে আগরবাতি জ্বালানো। কয়েল বা আগরবাতি ব্যবহারের সময় সম্ভব হলে জানালা অথবা দরজা খোলা রাখা উচিত। একসাথে একাধিক আগরবাতি জ্বালানো থেকে বিরত থাকতে হবে। অপ্রয়োজনে বা অতিরিক্ত সময় ধরে কোনো ঘরে আগরবাতি জ্বালিয়ে রাখা যাবে না। রাতে ঘুমানোর সময় বা দীর্ঘ সময় অবস্থানের বদ্ধ ঘরে কয়েল কিংবা আগরবাতির ধোঁয়া যেন জমতে না পারে, সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখা জরুরি। ঘরের ভেতরের বায়ুর মান নিরাপদ রাখতে এবং ক্ষতিকর ধোঁয়ার তীব্রতা কমাতে পর্যাপ্ত বাতাস চলাচলের বিকল্প নেই বলে অভিমত বিশেষজ্ঞদের।