রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

‘১০ লাখ মোবাইল ফোনের আইএমইআই নম্বর একই’

তথ্যপ্রযুক্তি ডেস্ক

নভেম্বর ২৭, ২০২৫, ১১:০৮ পিএম

‘১০ লাখ মোবাইল ফোনের আইএমইআই নম্বর একই’

একটি আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি) নম্বরের বিপরীতে একটি মোবাইল হ্যান্ডসেট থাকার কথা, সেখানে বাংলাদেশে একটি আইএমইআই নম্বরের বিপরীতে প্রায় ১০ লাখ হ্যান্ডসেট সচল রয়েছে বলে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ঢাকায় অনুষ্ঠিত এক সেমিনারে বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুল হক এই তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, দেশে মাত্র পাঁচটি আইএমইআই নম্বরের বিপরীতে পাওয়া গেছে প্রায় ৫০ লাখ হ্যান্ডসেট।

মোবাইল ফোন চুরি বা জালিয়াতি রোধে ব্যবহৃত ১৫ সংখ্যার অনন্য কোড আইএমইআই ক্লোন (নকল) করে এসব অবৈধ ফোন দেশের বাজারে ছাড়া হয়।

আমিনুল হক বলেন, ২০১৮ সালে যখন এনইআইআর (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার) চালুর কথা ভাবা হয়েছিল, তখনই এটা চালু করা গেলে পরিস্থিতি এতটা জটিল হতো না। তিনি মনে করেন, মোবাইল ব্যবহার করে আর্থিক অপরাধ অনেক ক্ষেত্রে ক্লোন হ্যান্ডসেটের সঙ্গে সম্পর্কিত হওয়ায় নিরাপত্তার স্বার্থে এই ক্লোন হ্যান্ডসেট বন্ধ করা উচিত।

টিআরএনবির সেমিনারে বিটিআরসির তথ্য তুলে ধরে জানানো হয়:

আইফোন: দেশের চার মোবাইল ফোন অপারেটরের নেটওয়ার্কে ১৯ লাখ ৭৬ হাজার আইফোন সচলের মধ্যে ১৯ লাখ ৫৫ হাজার ফোনই অবৈধ।

স্যামসাং: ২ কোটি ৩১ লাখ ২৯ হাজার স্যামসাং হ্যান্ডসেটের মধ্যে ১ কোটি ৪৯ লাখ ২৬ হাজারই অবৈধ হিসেবে চিহ্নিত করেছে বিটিআরসি।

সেমিনারে বিটিআরসির কমিশনার মাহমুদ হোসাইন আশ্বস্ত করে বলেন, ১৬ ডিসেম্বর এনইআইআর চালু হলেও এর আগে পর্যন্ত নেটওয়ার্কে ব্যবহার হওয়া কোনো ফোন বন্ধ হবে না। এগুলো স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে এবং সচল থাকবে।তিনি আরও বলেন, এনইআইআর চালু হলে দেশে মোবাইল ফোনের দাম যেন না বাড়ে, সে বিষয়ে বিটিআরসি সতর্ক রয়েছে। যাতে ভবিষ্যতে কেউ হ্যান্ডসেটের দাম বাড়াতে না পারে, সেজন্য বাজারে স্মার্টফোনের বাজারদর দেখে রাখা হচ্ছে।

এদিকে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত ডিআইজি জাহিদুল ইসলাম বলেন, চুরি বা ছিনতাই হওয়া মোবাইল সেটগুলো আখাউড়া, বটুলি, বেনাপোল ও দর্শনা সীমান্ত হয়ে ভারতে নেওয়া হচ্ছে এবং ভারতের চুরি হওয়া ফোন বাংলাদেশে আসে। এতে হারানো সেট উদ্ধার কঠিন হয়ে পড়ছে।