মে ৩, ২০২৬, ০২:৩৬ পিএম
ফেসবুক পেজে নতুন করে মডারেটর বা অ্যাডমিন যুক্ত করার প্রচলিত পদ্ধতি বন্ধ করে দিয়েছে মেটা। এখন থেকে কাউকে পেজে কোনো দায়িত্ব দিতে হলে সরাসরি ইনভাইট করার পরিবর্তে বিজনেস পোর্টফোলিওর মাধ্যমে যুক্ত করতে হবে। মেটার এই নতুন আপডেটের ফলে পেজ পরিচালনা এবং নিরাপত্তার ক্ষেত্রে নতুন জটিলতা তৈরি হয়েছে।
প্রযুক্তি বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগে পেজ সেটিংস থেকে সহজেই কাউকে মডারেটর বা এডিটর হিসেবে যুক্ত করা যেত। কিন্তু বর্তমান আপডেট অনুযায়ী, কাউকে মডারেটর বানাতে হলে তাকে প্রথমে পেজের সাথে যুক্ত ‘বিজনেস পোর্টফোলিও’তে (Business Portfolio) ফুল কন্ট্রোল বা পার্শিয়াল কন্ট্রোল দিয়ে এক্সেস দিতে হবে। এরপর তাকে পেজের নির্দিষ্ট দায়িত্বে যুক্ত করা যাবে।
মেটার এই নতুন নিয়মে সুবিধার চেয়ে ঝুঁকির পরিমাণই বেশি দেখছেন ব্যবহারকারীরা। প্রথমত, কোনো মডারেটর বা এডিটরকে বিজনেস পোর্টফোলিওর এক্সেস দিলে তারা সেই বিজনেস অ্যাকাউন্টের অধীনে থাকা অন্যান্য টুলস এবং ডেটার এক্সেসও পেয়ে যেতে পারে।
এর ফলে ভুল মানুষের হাতে এক্সেস গেলে পেজের গোপনীয় তথ্য চুরি হওয়া বা পেজের বড় ধরনের ক্ষতি করার সুযোগ তৈরি হয়। এমনকি পেজ কম্প্রোমাইজ হওয়ার ঝুঁকিও আগের চেয়ে অনেক বেড়ে গেছে।এই পরিস্থিতিতে পেজ ওনারদের জন্য বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এখন থেকে পেজে অপরিচিত কাউকে মডারেটর বা কোনো ধরনের এক্সেস দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সাবধান হতে হবে। বিশেষ করে এডিটর বা মডারেটর বানানোর সময় যদি কেউ বিজনেস ম্যানেজারের ফুল এক্সেস দাবি করে, তবে তা কোনোভাবেই দেওয়া যাবে না।
শুধুমাত্র অতি বিশ্বস্ত এবং যারা পেজের মালিকানা বা মূল অ্যাডমিন হিসেবে থাকবেন, তাদেরকেই বিজনেস ম্যানেজারের পূর্ণ নিয়ন্ত্রণ দেওয়া উচিত।বর্তমানে সাইবার অপরাধীরা বিভিন্ন কৌশলে পেজের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। মেটার নতুন এই কারিগরি পরিবর্তনের সুযোগ নিয়ে হ্যাকাররা আরও সক্রিয় হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই পেজের নিরাপত্তা নিশ্চিত করতে এখন থেকে বিজনেস পোর্টফোলিও এবং পেজ রোলের ক্ষেত্রে আগের চেয়ে বেশি সচেতন হওয়া জরুরি হয়ে পড়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন