রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

হোয়াটসঅ্যাপে বন্ধ হচ্ছে যে ফিচার

তথ্যপ্রযুক্তি ডেস্ক

মে ৬, ২০২৬, ১১:৩৪ এএম

হোয়াটসঅ্যাপে বন্ধ হচ্ছে যে ফিচার

হোয়াটসঅ্যাপ থেকে সরছে অ্যাভাটার ফিচার

মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের একটি বহুল আলোচিত ফিচার ‘অ্যাভাটার’ চিরতরে মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। মেটার মালিকানাধীন এই প্ল্যাটফর্মটি মূলত ব্যবহারকারীদের কাছে কাঙ্ক্ষিত জনপ্রিয়তা না পাওয়ায় এই পদক্ষেপ নিয়েছে।

হোয়াটসঅ্যাপের নতুন আপডেট অনুযায়ী, এই পরিবর্তনটি হুট করে নয় বরং ধাপে ধাপে কার্যকর করা হচ্ছে। ব্যবহারকারীরা এখন থেকে আর নতুন কোনো অ্যাভাটার তৈরি করতে পারবেন না। এমনকি আগে থেকে তৈরি করা পুরনো অ্যাভাটারগুলো এডিট করার সুযোগও বন্ধ করে দেওয়া হয়েছে।

 অ্যাপের সেটিংস, চ্যাট উইন্ডো এবং কিবোর্ড সেকশন থেকে ধীরে ধীরে এই অপশনটি সরিয়ে নেওয়া হচ্ছে।ভার্চুয়াল জগতকে আরও প্রাণবন্ত করতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর আদলে ডিজিটাল স্টিকার তৈরির সুযোগ দিয়েছিল। 

মেটার লক্ষ্য ছিল এর মাধ্যমে চ্যাটিংকে আরও ব্যক্তিগত ও মজাদার করা। তবে সাম্প্রতিক তথ্য বলছে, সাধারণ ব্যবহারকারীরা ডিজিটাল কার্টুন বা অ্যাভাটারের চেয়ে নিজেদের বাস্তব ছবি বা গতানুগতিক ইমোজি ব্যবহারে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন। আশানুরূপ ব্যবহারকারী না থাকায় মেটা এই ফিচারটি বাতিলের চূড়ান্ত তালিকায় রেখেছে।ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন অঞ্চলের ব্যবহারকারীরা অ্যাপের ভেতরে এই পরিবর্তন সংক্রান্ত নোটিফিকেশন পেতে শুরু করেছেন। অনেক ব্যবহারকারী দেখছেন তাদের প্রোফাইল সেটিংস থেকে অ্যাভাটার অপশনটি পুরোপুরি উধাও হয়ে গেছে।

ডিজিটাল স্টিকারের বর্তমান যুগে হোয়াটসঅ্যাপের এই সিদ্ধান্ত প্রযুক্তি বিশ্বে আলোচনার জন্ম দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, ব্যবহারকারীদের চাহিদার পরিবর্তন এবং অ্যাপের পারফরম্যান্স সচল রাখতেই অপ্রয়োজনীয় ফিচারগুলো ছেঁটে ফেলছে হোয়াটসঅ্যাপ। তবে এর বিপরীতে নতুন কী ধরনের ফিচার যুক্ত হতে পারে, সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানায়নি কর্তৃপক্ষ। পরবর্তী আপডেটের মাধ্যমে সব ব্যবহারকারীর জন্য এই ফিচারটি পুরোপুরি বন্ধ হয়ে যাবে।