রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

১৬ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম নিষিদ্ধে আইনি নোটিশ

তথ্যপ্রযুক্তি ডেস্ক

মে ৭, ২০২৬, ০৫:০৩ পিএম

১৬ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম নিষিদ্ধে আইনি নোটিশ

সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণে আইনি নোটিশ

দেশে শিশু-কিশোরদের ১৬ বছর বয়স পর্যন্ত ফেসবুক, টিকটকসহ যেকোনো ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ এবং এসব মাধ্যমের অপব্যবহার রোধে কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে এই নোটিশ পাঠানো হয়।

লিগ্যাল ভয়েস ফাউন্ডেশনের পক্ষে ব্যারিস্টার সানাউল্লাহ নূরী এই নোটিশটি পাঠান। নোটিশে বলা হয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টিকটক, স্ন্যাপচ্যাট ও ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার উদ্বেগজনকভাবে নেতিবাচক দিকে যাচ্ছে। বিশেষ করে শিশু-কিশোরদের মধ্যে এসব মাধ্যমের অপব্যবহার বাড়ছে।

ব্যারিস্টার সানাউল্লাহ নূরী উল্লেখ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমকেন্দ্রিক আসক্তি অনেক ক্ষেত্রে ব্যাপক আকার ধারণ করেছে। এর ফলে শিশু-কিশোররা শৈশব হারাচ্ছে এবং খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে। 

এতে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা, ভুয়া তথ্যের বিস্তার এবং পর্নোগ্রাফির সহজলভ্যতা শিশু-কিশোরদের মনন ও মেধার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলেও নোটিশে দাবি করা হয়।আইনি নোটিশে আরও বলা হয়েছে, ডিজিটাল মাধ্যমের অপব্যবহারের কারণে শিক্ষার্থীরা পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ছে এবং স্কুল-কলেজে যাওয়ার আগ্রহ হারাচ্ছে। একইসঙ্গে মানবিক মূল্যবোধের অবক্ষয় ঘটছে এবং অনেকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। অনেক ক্ষেত্রে অভিভাবকরা ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছেন বলে উল্লেখ করা হয়েছে।

এ নোটিশ পাওয়ার আগামী ১৫ দিনের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং অপব্যবহার রোধে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে। মূলত শিশু-কিশোরদের সুস্থ বিকাশ নিশ্চিত করতেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে লিগ্যাল ভয়েস ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে।