মে ৩১, ২০২৬, ০৬:৫৬ পিএম
মহাকাশপ্রেমীদের জন্য আজ মে মাসের শেষ দিনে অপেক্ষা করছে এক অত্যন্ত রোমাঞ্চকর ও বিরল রাত। আজ রাতের আকাশে দেখা মিলছে এক বিশেষ মহাজাগতিক দৃশ্যের, যা একই সাথে ‘ব্লু মুন’ এবং বছরের সবচেয়ে দূরবর্তী ‘মাইক্রো মুন’ হিসেবে পরিচিত। চাঁদ যখন তার নির্দিষ্ট কক্ষপথে পৃথিবী থেকে সবচেয়ে দূরবর্তী অবস্থান বা অ্যাপোজির কাছাকাছি অবস্থান করে পূর্ণিমায় রূপ নেয়, জ্যোতির্বিজ্ঞানের ভাষায় তাকে মাইক্রো মুন বলা হয়ে থাকে।
আজকের পর আগামী ২০২৮ সালের ৩১ ডিসেম্বরের আগে পৃথিবীর আকাশ থেকে আর কোনো ব্লু মুন দেখার সুযোগ মিলবে না বলে বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন।আজকের এই বিশেষ পূর্ণিমায় চাঁদ আমাদের পৃথিবী থেকে প্রায় ৪ লাখ ৬ হাজার ৯৩ কিলোমিটার দূরে অবস্থান করছে, যা চাঁদের স্বাভাবিক গড় দূরত্বের চেয়ে অনেক বেশি।
বিজ্ঞানীরা জানিয়েছেন যে দূরত্ব সর্বোচ্চ হওয়ার কারণে এটিই হতে যাচ্ছে ২০২৬ সালের সবচেয়ে দূরবর্তী পূর্ণিমা। পৃথিবী থেকে স্বাভাবিক দূরত্বের চেয়ে বেশি দূরে থাকায় সাধারণ পূর্ণিমার তুলনায় আজ চাঁদকে আকারে প্রায় ১০ শতাংশ ছোট দেখাবে, তবে খালি চোখে সাধারণ দর্শকের কাছে এই সূক্ষ্ম পার্থক্য ধরা নাও পড়তে পারে।
বায়ুমণ্ডলীয় বিভিন্ন অবস্থার কারণে উদয়ের সময় দিগন্তের কাছাকাছি চাঁদকে প্রথমে চমৎকার সোনালি বা কমলা আভাযুক্ত দেখতে পাবেন দর্শকেরা।চাঁদ যত আকাশের ওপরের দিকে উঠবে, এটি ধীরে ধীরে তার চেনা উজ্জ্বল সাদা রূপ ধারণ করবে।
বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশের আকাশে আজ ৩১ মে রাতে চাঁদকে সবচেয়ে উজ্জ্বল ও পূর্ণ অবস্থায় খালি চোখেই সম্পূর্ণ নিরাপদে দেখা যাবে। বিশেষ করে সন্ধ্যা ৫টা ৩০ মিনিট থেকে ৬টা ৩০ মিনিটের মধ্যে দিগন্তের কাছাকাছি থাকা চাঁদের ছবি তোলার জন্য স্মার্টফোন ব্যবহারকারীদের দারুণ এক সুযোগ তৈরি হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন