আগস্ট ৯, ২০২৬, ১২:২২ পিএম
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কনটেন্ট তৈরি করে অর্থ উপার্জনের ক্ষেত্রে বড় ধরনের নীতিগত পরিবর্তন আনা হয়েছে। দীর্ঘদিন ধরে চালু থাকা ক্রিয়েটর রেভিনিউ শেয়ারিং প্রোগ্রাম নামক পুরোনো ব্যবস্থাটি আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দিয়েছে প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ। এর পরিবর্তে সম্পূর্ণ নতুন একটি কাঠামোতে অরিজিনাল কনটেন্ট রিওয়ার্ডস প্রোগ্রাম চালু করা হয়েছে, যার মাধ্যমে মৌলিক ও সৃজনশীল কাজে যুক্ত নির্মাতাদের আর্থিক সুবিধা দেওয়া হবে।এনডিটিভি সূত্রে প্রকাশিত প্রতিবেদন থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
নতুন এই ব্যবস্থার মূল উদ্দেশ্য হলো সেইসব নির্মাতাদের বিশেষভাবে উৎসাহিত করা যারা নিজেদের মৌলিক ধারণা, দক্ষতা, সৃজনশীল মতামত এবং নিজস্ব প্রতিবেদনের মাধ্যমে প্ল্যাটফর্মটিকে সমৃদ্ধ করে চলেছেন। ঘোষণা অনুযায়ী, আগামী সেপ্টেম্বর মাসের সাত তারিখ পর্যন্ত পুরোনো ব্যবস্থায় আয় সচল থাকবে এবং আট তারিখ থেকে সম্পূর্ণ নতুন নিয়মে আবেদন প্রক্রিয়া শুরু হবে। নতুন এই কার্যক্রমে অংশ নিতে হলে ব্যবহারকারীদের নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে।
প্রয়োজনীয় শর্তগুলোর মধ্যে রয়েছে প্রিমিয়াম, প্রিমিয়াম প্লাস কিংবা প্রিমিয়াম বিজনেস সাবস্ক্রিপশন থাকা, বয়স কমপক্ষে আঠারো বছর হওয়া এবং অন্তত পাঁচশ জন যাচাইকৃত অনুসারী থাকা। গত নব্বই দিনের মধ্যে নির্দিষ্ট হোম টাইমলাইন ভিউ সংক্রান্ত শর্তও পূরণ করতে হবে। নতুন নীতিমালায় অন্য কোনো উৎস থেকে কনটেন্ট কপি করা বা পুনরায় আপলোড করার সুযোগ রাখা হয়নি, বরং পুরোপুরি মৌলিক ও সৃজনশীল কনটেন্টকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।ডিজিটাল প্ল্যাটফর্মের এই নতুন নীতিমালা কনটেন্ট নির্মাতাদের কাজের ধরনে বড় পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন