ফেব্রুয়ারি ৪, ২০২৬, ১২:০০ এএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের ওপর সাইবার হামলার ঘটনা আরও জোরালো রূপ নিয়েছে। দলটির আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করার রেশ কাটতে না কাটতেই এবার সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া ও সাইবার নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
জামায়াত সূত্রে অভিযোগ করা হয়েছে যে, সেক্রেটারি জেনারেলের আইডিটি হ্যাক করার জন্য অত্যন্ত শক্তিশালী ও আধুনিক ম্যালওয়ার ব্যবহার করা হয়েছে। দলটির আইটি বিশেষজ্ঞদের দাবি, এই ডিজিটাল অনুপ্রবেশটি পার্শ্ববর্তী দেশ ভারত থেকে পরিচালিত হয়েছে।
মূলত একটি নির্দিষ্ট ম্যালওয়ারের মাধ্যমে অ্যাকাউন্টের নিরাপত্তা ভেঙে এই হ্যাকিং সম্পন্ন করা হয়েছে বলে তাদের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে শীর্ষ নেতাদের সোশ্যাল মিডিয়া আইডি লক্ষ্য করে এমন আক্রমণকে দলটির পক্ষ থেকে সুপরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে দেখা হচ্ছে।
এই সাইবার হামলার ঘটনা এবং পরবর্তী করণীয় নিয়ে বিস্তারিত জানাতে কিছুক্ষণের মধ্যেই জামায়াতের পক্ষ থেকে একটি জরুরি সংবাদ সম্মেলনের আহ্বান করা হয়েছে। সেখানে হ্যাকিংয়ের প্রযুক্তিগত প্রমাণ এবং এই হামলার নেপথ্যের কারণগুলো তুলে ধরা হবে। উল্লেখ্য যে, এর আগে জামায়াত আমিরের আইডি হ্যাক করে নারীবিদ্বেষী প্রচারণা চালানো হয়েছিল, যার প্রতিবাদে দলটি বঙ্গভবনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে। সেক্রেটারি জেনারেলের আইডি হ্যাক হওয়ার পর পরিস্থিতি আরও জটিল রূপ নিল।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন