নভেম্বর ১৫, ২০২৫, ০২:৩৮ পিএম
সন্ত্রাসবাদ ও সীমান্ত নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার কূটনৈতিক উত্তেজনা এবার বাণিজ্যেও বড় প্রভাব ফেলতে যাচ্ছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, যতক্ষণ পর্যন্ত আফগান সরকার সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে আশ্রয় এবং সমর্থন দেওয়া অব্যাহত রাখবে।
,ততক্ষণ পর্যন্ত কাবুলের সঙ্গে কোনো প্রকার বাণিজ্য বা অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক রাখা সম্ভব নয়। ইসলামাবাদ দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যে, আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে, আর এবার তারই জেরে বাণিজ্যের ওপর কঠোর শর্ত আরোপ করল দেশটি।
পাকিস্তানের গণমাধ্যম ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, সম্প্রতি তালেবান সরকার আফগান
স্থানীয় ব্যবসায়ীদের পাকিস্তানের পরিবর্তে অন্য দেশের সঙ্গে বাণিজ্য করার নির্দেশ দিয়েছিল। একই সঙ্গে তালেবান সতর্ক করে বলেছিল, পাকিস্তানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখার কারণে ব্যবসায়ীরা কোনো সমস্যায় পড়লে আফগান সরকার তার দায় নেবে না। তালেবান সরকারের এমন সতর্কবার্তার কড়া প্রতিক্রিয়া হিসেবেই পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এই পাল্টা বিবৃতি দিয়েছে।
ইসলামাবাদে অনুষ্ঠিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির হুসেন আন্দ্রাবি জোর দিয়ে বলেন, পাকিস্তান আঞ্চলিক বাণিজ্য ও সংযোগ বাড়ানোর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, তবে এই প্রতিশ্রুতি আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের সঙ্গে কখনোই সহাবস্থান করতে পারে না। তিনি বলেন, ‘আমরা আফগানিস্তানকে বাণিজ্যের ক্ষেত্রে বেশ কিছু ছাড় দিয়েছিলাম, কিন্তু আফগান তালেবান সরকার এই ইতিবাচক পদক্ষেপগুলোর কোনো প্রতিদান দেয়নি। উল্টো তারা পাকিস্তানের বিরুদ্ধে হামলা চালাতে সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে এবং সক্রিয়ভাবে সমর্থন করে চলেছে।
মুখপাত্র তার বক্তব্যে স্পষ্ট করে বলেন, বাণিজ্য ও অর্থনীতির চেয়ে মানুষের জীবন ও নিরাপত্তা পাকিস্তানের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তিনি শর্ত জুড়ে দিয়ে বলেন, ‘আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য ও পরিবহন কেবল তখনই সম্ভব হবে, যখন আফগান তালেবান সরকার তাদের ভূখণ্ড থেকে পরিচালিত পাকিস্তান বিরোধী সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃশ্যমান ও স্পষ্ট পদক্ষেপ গ্রহণ করবে।’ দুই দেশের এই পাল্টাপাল্টি অবস্থানে আঞ্চলিক বাণিজ্যে বড় ধরনের স্থবিরতা নেমে আসার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন