বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

ভূমিকম্পে কেঁপে উঠল পশ্চিমবঙ্গ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২১, ২০২৫, ১২:১০ পিএম

ভূমিকম্পে কেঁপে উঠল পশ্চিমবঙ্গ

বাংলাদেশের সীমানা ছাড়িয়ে প্রতিবেশী ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানেও জোরালো ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার সকালে হঠাৎ করেই কেঁপে ওঠে কলকাতা শহর।

কোচবিহার থেকে শুরু করে কাকদ্বীপ পর্যন্ত পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে এই কম্পন অনুভূত হয়েছে। আনন্দবাজারের খবর অনুযায়ী, হুগলি, নদিয়া ও মুর্শিদাবাদেও মৃদু কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

সকাল ১০টা ৮ মিনিট নাগাদ এই কম্পন শুরু হয় এবং তা বেশ কয়েক সেকেন্ড ধরে স্থায়ী ছিল। ঘরের মধ্যে ফ্যান, চেয়ার, টেবিল ও দেয়ালে ঝোলানো জিনিসপত্র দুলতে দেখে আতঙ্কে অনেকে বাড়ি থেকে দ্রুত রাস্তায় বেরিয়ে আসেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ঘরের সিলিং ফ্যান বা ঝাড়বাতির দোলার ভিডিও পোস্ট করেছেন। তবে এখন পর্যন্ত পশ্চিমবঙ্গের কোথাও এই ভূমিকম্পের কারণে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।আবহাওয়া দপ্তরের প্রাথমিক তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৫ দশমিক ৭ বলে ধারণা করা হচ্ছে। এটির উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের নরসিংদীর মাধবদী এলাকায়।

যদিও রিখটার স্কেলে মাত্রাটি তুলনামূলকভাবে মাঝারি ছিল, তবে কম্পনের তীব্রতা বেশ জোরালো ছিল বলে অনেকে মন্তব্য করেছেন। এর আগে মাসদুয়েক আগে আসামের ভূমিকম্পে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা কেঁপে উঠেছিল।