রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে পাকিস্তান কী বলছে

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২২, ২০২৫, ০৯:২৮ এএম

হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে পাকিস্তান কী বলছে

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের বিষয়ে অবশেষে প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। মানবতাবিরোধী অপরাধের দায়ে হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আদালতের রায়কে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছে ইসলামাবাদ।

গতকাল শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দরাবি এক সংবাদ ব্রিফিংয়ে এই মন্তব্য করেন বলে খবর ডনের।

তিনি বলেন, শেখ হাসিনার মৃত্যুদণ্ড সম্পূর্ণভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। তাহির আন্দরাবি আরও দৃঢ়তার সঙ্গে বলেন, বাংলাদেশের জনগণ নিজেদের গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এসব বিষয় সমাধান করতে সক্ষম।

ইসলামাবাদ মনে করে, বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজেরাই এই সংকট মোকাবেলা করতে সক্ষম।প্রসঙ্গত, গত সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। রায়ে বলা হয়েছে, গত বছর ছাত্র-জনতার নেতৃত্বে হওয়া আন্দোলন দমনে তিনি প্রাণঘাতী হামলার নির্দেশ দিয়েছিলেন। আগামী ফেব্রুয়ারির শুরুর দিকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং এর আগে আসা এই রায়কে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

রায় ঘোষণার পর থেকেই শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। বাংলাদেশের সঙ্গে ভারতের প্রত্যর্পণ চুক্তির আওতায় হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে নয়াদিল্লির। তবে এখন পর্যন্ত শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে রাজি হয়নি ভারত। ভারত অবশ্য দাবি করেছে, দিল্লি সবসময় 'বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার সর্বোত্তম স্বার্থে' কাজ করবে এবং এ লক্ষ্যে সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করবে।