নভেম্বর ২৬, ২০২৫, ১২:৩২ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্র থেকে পণ্য কেনার পরিমাণ বাড়াতে সম্মত হয়েছেন। সোমবার চীনের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপের একদিন পর মঙ্গলবার সন্ধ্যায় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই তথ্য জানান।
ট্রাম্প বলেন, "তাকে (শি জিনপিং) বলেছি, আমি চাই আপনি আরো বেশি পণ্য কিনুন। তিনি তা করতে রাজি হয়েছেন।"
এই ঘোষণার আগে গত মাসেই বেইজিং জানিয়েছিল যে তারা যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কেনা আবার শুরু করবে এবং বিরল খনিজ সম্পদ রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা স্থগিত করবে।
মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট নিশ্চিত করেন যে, চীন এই বছর মার্কিন কৃষকদের কাছ থেকে ১ কোটি ২০ লাখ মেট্রিক টন সয়াবিন কেনার প্রতিশ্রুতি দিয়েছে। যদিও মার্কিন কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চীন এখন পর্যন্ত প্রায় দুই মিলিয়ন মেট্রিক টন সয়াবিনের অর্ডার দিয়েছে।
চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ফোনালাপে শি জিনপিং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে বলেন, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র একসময় ফ্যাসিবাদ ও সামরিকবাদের বিরুদ্ধে পাশাপাশি লড়াই করেছে এবং এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল রক্ষার জন্য তাদের একসঙ্গে কাজ করা উচিত। শি জিনপিং ট্রাম্পকে আরও বলেন, তাইওয়ানের চীনে প্রত্যাবর্তন যুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ। উল্লেখ্য, চীন তাইওয়ানকে তার ভূখণ্ডের অংশ হিসেবে বিবেচনা করে। তবে ফোনালাপ নিয়ে ট্রাম্প তার পোস্টে তাইওয়ানের বিষয়ে কোনো মন্তব্য করেননি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন